Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘ওএমজি ২’ দেখার পর স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত হচ্ছে যৌনশিক্ষা

বিনোদনের মোড়কে যৌনশিক্ষার মতো সংবেদনশীল বিষয় নিয়ে সিনেমা নির্মাণ করে সম্প্রতি মুক্তি পাওয়া ‘ওএমজি ২’ বেশ প্রশংসা কুড়িয়েছে

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০২:০৫ পিএম

যৌনশিক্ষার মতো সংবেদনশীল বিষয়বস্তু নিয়ে নির্মাণের কারণে মুক্তির আগে “ও মাই গড ২” (ওএমজি ২)  সিনেমাকে সেন্সর বোর্ডের ছুরিকাঁচির নিচে যেতে হয়েছিল। শেষ পর্যন্ত ২০টিরও বেশি দৃশ্যে পরিবর্তন আনার পর সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) কাছ থেকে মুক্তির ছাড়পত্র পায় সিনেমাটি।

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও যৌনশিক্ষার মতো সংবেদনশীল বিষয়টিকে ভারতীয় দর্শকরা কীভাবে নেবেন, তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। কিন্তু মুক্তির পর “ও মাই গড ২” ছবিতে বিনোদনের মোড়কে উপস্থাপিত যৌনশিক্ষা দর্শক-সমালোচকদের কাছ থেক দারুণ সাড়া ফেলেছে।

“ও মাই গড ২” সিনেমায় ফুটিয়ে তোলা যৌনশিক্ষা থেকে অনেকেই অনুপ্রেরণা নিয়েছেন। সেই ধারাবাহিকতায় স্কুলের শিক্ষাক্রমে যৌনশিক্ষা অন্তর্ভুক্ত করছে মহারাষ্ট্রের উল্লাসনগরের সিন্ধু এডুকেশন সোসাইটি। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সম্প্রতি “ও মাই গড ২” সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে মহারাষ্ট্রের উল্লাসনগরের সিন্ধু এডুকেশন সোসাইটি। সেখানে স্থানীয় এমএলএ, এডুকেশন সোসাইটির কর্মকর্তা, ১৮৪ জন শিক্ষক ও ১৫টি স্কুলের অধ্যক্ষের সঙ্গে উপস্থিত ছিলেন সিনেমাটির নির্মাতা অমিত রাইও।

প্রদর্শনীর পর “ও মাই গড ২” সিনেমাটি উপস্থিত সবার কাছ থেকে ভূয়সী প্রশংসা কুড়ায়। এরপরই আয়োজক সিন্ধু এডুকেশন সোসাইটি ঘোষণা দেয়, এ বছর থেকেই তাদের সিলেবাসে যৌনশিক্ষা অন্তর্ভুক্ত করা শুরু হবে।

বিষয়টিতে উচ্ছ্বসিত নির্মাতা অমিত রাই বলেন, “এমনটাই আমি চেয়েছিলাম। অবশেষে সিনেমাটি নির্মাণের উদ্দেশ্য সফল হলো। সিনেমাটি যে কেবল বাণিজ্যিক সাফল্য পাচ্ছে তাই না, আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বলে আমি খুবই খুশি।”

গত ১১ আগস্ট ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে “ও মাই গড ২”। সিনেমাটি মূলত ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত “ওএমজি- ও মাই গড” ছবির সিকুয়েল। ওই সিনেমায় অক্ষয় ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেন। সেখানে অক্ষয়ের পাশাপাশি দেখা গেছিল পরেশ রাওয়াল, মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতাকেও। দর্শক জনপ্রিয়তার পাওয়ার পাশাপাশি সিনেমাটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখে।

মুক্তির সময়ে একইদিনে প্রেক্ষাগৃহে আসা “গাদার ২” নামের আরেক সিনেমার সঙ্গে ক্ল্যাশে যেতে হয়েছে “ও মাই গড ২” ছবিকে। দুই সিনেমার মুখোমুখি লড়াইয়ে “গাদার ২” বড় অবদানে এগিয়ে থাকলেও “ও মাই গড ২” ছবিটি ইতোমধ্যে সফলতার দিকে অগ্রসর হচ্ছে। মুক্তির পর সিনেমাটি এখন পর্যন্ত ১১৭ কোটি রুপি আয় করেছে।

অমিত রাই পরিচালিত “ও মাই গড ২” সিনেমায় অক্ষয়কে হিন্দু দেবতা শিবের চরিত্রে দেখা গেছে। এই ছবির মাধ্যমে দীর্ঘ দুই বছর পর অক্ষয়ের সিনেমা আবারও ব্যবসায়িক সাফল্যের দেখা পেল। অক্ষয় ছাড়াও কমেডি-ড্রামা ঘরানার এই ছবিতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, ইয়ামি গৌতম, অরুণ গোভিল প্রমুখ।

   

About

Popular Links

x