বলিউডে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দুজনেরই অবস্থান বেশ শক্ত। হিন্দি চলচ্চিত্রের শীর্ষস্থানীয় অভিনেতা-অভিনেত্রীদের ছোট্ট তালিকা করলে সেখানেও দুজনের নাম অনায়াসে আসবে। বড় অঙ্কের পারিশ্রমিক পাওয়া বলিউড তারকাদের মধ্যেও তারা আছেন ওপরের দিকে।
বাস্তব জীবনের মতো রুপালি পর্দায়ও বেশ কয়েকবার জুটি বেঁধেছেন রণবীর-দীপিকা। এই জুটিকে বলিউডের প্রভাবশালী দম্পতি হিসেবে বিবেচনা করা হয়। প্রভাব-প্রতিপত্তির কারণেই হোক কিংবা তারকাখ্যাতির সুবাদেই হোক- চলচ্চিত্র আর বিজ্ঞাপনে একত্রে হাজির হতে বড় অঙ্কের পারিশ্রমিক নেন তারা।
সম্প্রতি দ্য উইককে দেওয়া একটি সাক্ষাৎকারে এ ব্যাপারে মুখ খুলেছেন দীপিকা। অন্য কারও সঙ্গে কাজ করার তুলনায় রণবীরের সঙ্গে জুটি বাঁধার ক্ষেত্রে বাড়তি পারিশ্রমিক হাঁকানোর প্রসঙ্গে এই বলিউড অভিনেত্রী বলেন, “হ্যাঁ, একত্রে জুটি বাঁধার ক্ষেত্রে আমরা প্রিমিয়াম মানের (বড় অঙ্কের) পারিশ্রমিক চাই। আমার ধারণা, আমরা বেশ অনন্য অবস্থানে আছি। অন্যান্য দম্পতিদের ক্ষেত্রে দেখা যায়, দুজনের অবস্থানের মধ্যে ভারসাম্য থাকে না। কিন্তু আমাদের ক্ষেত্রে এমনটা নেই।”
সাক্ষাৎকারে দীপিকার কাছে জানতে চাওয়া হয়, তাকে ও রণবীরকে বলিউডের এক নম্বর “পাওয়ার কাপল” হিসেবে অভিহিত করার সময়ে তার কাছে কেমন লাগে? জবাবে এই চিত্রনায়িকা বলেন, “যখন একসঙ্গে পথচলা শুরু করি তখন দুজনের হৃদয়েই ছিল ক্ষত। নিজেদের নিয়ে আমরা গর্বিত। নিজ মেধা এবং যোগ্যতায় সাফল্য অর্জনই আমাদের বিশেষ করে তুলেছে।”
দ্য উইকের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিটি সিনেমায় কাজের জন্য দীপিকা ১২-১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। বলিউড তারকাদের মধ্যে ১০ কোটি রুপির ওপরে পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের সংখ্যাই হাতে গোণা। তানিশ্ক, এশিয়ান পেইন্টস, অ্যাক্সিস ব্যাংকের মতো ভারতীয় এবং লুইস ভুইটন, কার্টিয়ারের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডরও দীপিকা। সব মিলিয়ে বলিউডে কাজ করা অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া চিত্রনায়িকাও তিনি।
দীপিকা ও রণবীর সিং সর্বপ্রথম জুটি বাঁধেন ২০১৩ সালে মুক্তি পাওয়া “গোঁলিও কি রাসলীলা রাম-লীলা” সিনেমায়। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই ছবিতে কাজ করতে গিয়েই তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। পরবর্তীতেই একই পরিচালকের নির্মিত “বাজিরাও মাস্তানি” এবং “পদ্মাবত” সিনেমায়ও তারা জুটি বাঁধেন। দীর্ঘ ছয় বছরের প্রেমের পর ২০১৮ সালে ইতালিতে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা ও রণবীর। সর্বশেষ বড়পর্দায় তাদের একত্রে দেখা গেছে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত “৮৩” সিনেমায়। চলচ্চিত্র ছাড়াও জিও মার্ট এবং লয়েড এসির বিজ্ঞাপনে একত্রে হাজির হন দীপিকা-রণবীর।



