Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সমালোচনার শিকার সাকিবের পাশে দাঁড়ালেন আসিফ

  • সাকিবকে দেশের ক্রিকেটের ‘ফ্রন্টলাইনার’ ও ‘বরপুত্র’ অভিহিত করেছেন তিনি
  • আসিফ বলেন, ব্যক্তি বা দলের চেয়ে দেশ বড়
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:০৬ পিএম

ওয়ানডে বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্স টাইগারদের। সেমিফাইনালের লক্ষ্য নিয়ে ভারতে গিয়ে টাইগাররা এখন পয়েন্ট টেবিলের তলানিতে। এমন পরিস্থিতিতে সমালোচনার মুখে পুরো দল। অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে শুনতে হচ্ছে বাড়তি দুয়ো।

এমন পরিস্থিতিতে সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছেন গায়ক আসিফ আকবর। তিনি মনে করেন, “বরেণ্যদের খাটো করে সমৃদ্ধ ইতিহাস তৈরি হয় না। বাংলাদেশে সাকিব আল হাসান তেমনি একজন ফ্রন্টলাইনার।”

সোমবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সাকিবের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

আসিফ বলেন, “একজন বেসিক ক্রিকেটার হিসেবে ক্রিকেটকে ভালোবাসি, প্রাণে ধারণ করি। গৌরবময় অনিশ্চয়তা এবং ভদ্রলোকের খেলা ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটের শুরু থেকেই সবসময় দলের খবর রাখি। আইসিসি চ্যাম্পিয়ন হয়ে ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ পাওয়া ছিল দেশের ক্রিকেটের জন্য এক গৌরবময় অধ্যায়।”

“সাকিব আল হাসানকে চিনি তার ক্যারিয়ারের শুরু থেকেই। বাংলাদেশ ক্রিকেটের এই বরপুত্র তার পারফরমেন্স দিয়েই বিশ্ব ক্রিকেটে নিজের স্বকীয় অবস্থান তৈরি করেছেন। একই সঙ্গে বিশ্বদরবারে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ডিংয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দুঃসময়েও দেশের ক্রিকেটের সাথেই ছিলাম, সুসময়ে পুরো দেশবাসী উপভোগ করেছি প্রতিটি জয়ের আনন্দ। ব্যক্তি বা দলের চেয়ে দেশ বড়। বরেণ্যদের খাটো করে সমৃদ্ধ ইতিহাস তৈরী হয় না। বাংলাদেশে সাকিব আল হাসান তেমনি একজন ফ্রন্টলাইনার। আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার…”

সবশেষে আসিফ আরও লেখেন, “শুভকামনা সাকিব আল হাসান। শুভকামনা বাংলাদেশ ক্রিকেট দল। পরিস্থিতি যেমনই হোক সঙ্গে আছি সবসময়, প্রাণপণে লড়ে যাও। আসুন সব বিভেদ ভুলে দেশের ক্রিকেটের সঙ্গেই থাকি। ভালোবাসা অবিরাম…”

আসিফ আকবর তারুণ্যে ক্রিকেট খেলেছেন জেলাপর্যায়ে। একসময়ের জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর ভক্তকূল ছড়িয়ে আছে সর্বস্তরে।

   

About

Popular Links

x