সমালোচনাকে পাশ কাটিয়েই দিব্যি ভালো আছেন পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দম্পতি। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৃজিতের সঙ্গে সংসার জীবন নিয়ে বেশ কিছু বিড়ম্বনার কথা বলেছেন।
ওই সাক্ষাৎকারে মিথিলা বলেন, ‘‘সৃজিতকে কেউ তার বিবাহিত জীবনের বিষয়ে প্রশ্ন করে না। কিন্তু আমায় করে। এই এক জিনিস-মায়া সিনেমার প্রমোশনের সময়ও হয়েছিল। বাংলাদেশেও সবাই সৃজিতকে ভারতের পরিচালক হিসেবে চেনে। আর আমি তার স্ত্রী। আমি আন্তর্জাতিক স্তরে কাজ করি, পিএইচডি করছি, অভিনেত্রীও। তারপরও আমার পরিচয় আমি তার স্ত্রী। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমায় কেন কারও স্ত্রীর পরিচয়ে পরিচিত হতে হবে?’’
মিথিলা আরও বলেন, ‘‘সৃজিত আমাকে চমক দিতে কখনই ভুলে যায় না। আমি উলুপির কথা জানতাম। এখানে এসে দেখলাম, তার তিনটে বড় পাইথন আছে। সত্যি বলতে গেলে আমি কোনোদিন সাপের ভক্ত না। তাই আমি জানি না, যে গোটা বিষয়টায় আমি ঠিক কী অনুভব করব। কিন্তু আমি সৃজিতকে বাধা দিইনি।’’
তিনি আরও বলেন, ‘‘আমি এবং আমার মেয়ে ঢাকায় থাকি। কারণ সেখানে থেকে আমাদের কাজ করতে সুবিধা হয়। আমাদের পরিবারও ঢাকাতে। আর কলকাতায় আসলে অনেক সময়ই সৃজিত বাইরে থাকে। তাই বলে আমাদের মাঝে কোনো ঝামেলা নেই।’’



