Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘বনলতা সেন’ সিনেমা নিয়ে দ্বন্দ্ব, আদালতে নির্মাতা ও সহ-প্রযোজক

দু’পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন

আপডেট : ১৮ মে ২০২৬, ১০:০০ পিএম

দীর্ঘ প্রতীক্ষার পর আসন্ন ঈদে মুক্তির ঘোষণা এসেছে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘বনলতা সেন’। তবে মুক্তির ঘোষণা সামনে আসতেই নতুন করে আলোচনায় এসেছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ও সহ-প্রযোজক তরুণ মজুমদারের বিরোধ। পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে দু’পক্ষই আদালতের দ্বারস্থ হয়েছেন।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি নির্মাণ করেন মাসুদ হাসান উজ্জ্বল। দুই বছর ধরে একাধিকবার সিনেমাটির মুক্তির খবর এলেও বিভিন্ন জটিলতায় তা পিছিয়ে যায়। সম্প্রতি নতুন পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেন নির্মাতা। এরপরই প্রকাশ্যে আসে সহ-প্রযোজকের সঙ্গে তার বিরোধের বিষয়টি।

নির্মাতা উজ্জ্বল দাবি করেছেন, আদালতের নির্দেশনা মেনেই সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সহ-প্রযোজক তরুণ মজুমদারের অভিযোগ, আদালত উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে সিনেমা মুক্তির নির্দেশ দিলেও সেটি মানা হয়নি।

তরুণ মজুমদার জানান, সিনেমাটির জন্য তিনি ধাপে ধাপে মোট ৬১ লাখ টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু পরবর্তীতে তাকে বাদ দিয়েই সিনেমা মুক্তির চেষ্টা করা হচ্ছে। এমনকি সেন্সর বোর্ডে জমা দেওয়ার সময়ও তার নাম উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তরুণ মজুমদার সংবাদমাধ্যমকে বলেন, “সহ-প্রযোজক হিসেবে প্রথমে ৪০ লাখ এবং পরে আরও ২১ লাখ টাকা দিয়েছি। কিন্তু পরে সিনেমার অগ্রগতি নিয়ে জানতে চাইলে নির্মাতা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে টাকা ফেরত নিয়ে সরে যেতে চাইলেও তিনি তা দেননি। এরপর বিষয়টি আইনি প্রক্রিয়ায় যায়।”

অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, “ব্যবসায়িক সমঝোতার ভিত্তিতেই কাজ শুরু হয়েছিল। কিন্তু সিনেমা মুক্তির আগেই তিনি প্রতারণার অভিযোগ এনে আদালতে যান। তদন্তও হয়েছে। সিনেমা নির্মাণের পর কোনো প্রযোজক টাকা ফেরত চাইলে সেটা তাৎক্ষণিকভাবে দেওয়া সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “সরকারি অনুদানের সিনেমায় অনুদানপ্রাপ্ত ব্যক্তির নামই প্রযোজক হিসেবে থাকে। তিনি প্রযোজক সমিতির সদস্যও নন।”

তরুণ মজুমদারের সিনেমা থেকে সরে যাওয়ার প্রসঙ্গে উজ্জ্বল বলেন, “সিনেমার অধিকাংশ কাজ শেষ হওয়ার পর তিনি সুদসহ টাকা ফেরত চান। সেই সময় টাকা ফেরত দেওয়া সম্ভব ছিল না। পরে তিনি আইনি ব্যবস্থা নেন। আমি বরং চেয়েছি সিনেমাটি সুন্দরভাবে দর্শকের কাছে পৌঁছাক।”

কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত ‘বনলতা সেন’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। কবি জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল ও প্রিয়ন্তী উর্বী।

   

About

Popular Links

x