অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী রিমু রোজা খন্দকার। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউই) রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মিঠু লিখেছেন, “রিমু অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন।”
রিমুর অসুস্থতা নিয়ে অভিনেত্রী সামিরা খান মাহি গণমাধ্যমকে বলেছেন, “আপুর ইনফেকশন চূড়ান্ত পর্যায়ের এবং সঙ্গে জ্বরসহ ছোট ছোট নানা সমস্যা দেখা দিয়েছে। চারদিন পেট ফুলে ছিল। ফিস্টুলারও সমস্যা রয়েছে। আবার হিমোগ্লোবিনও অনেক কম। হাসপাতালে তার চিকিৎসা চলছে।”
প্রয়াত চিত্রনায়িকা টিনা খানের মেয়ে রিমু রোজা খন্দকার। নিজ গুণেই শোবিজ অঙ্গনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী রিমু।
২০০৮ সালে “পৃথিবীর সব রূপ মিশে আছে ঘাসে” নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা দেন রিমু। তার প্রথম সিনেমা “গুরু ভাই”।
বিজ্ঞাপন, সিনেমা, শর্টফিল্ম থেকে নাটকসহ অভিনয়ের প্রায় সব ধারাতেই দেখা গেছে তাকে।
“ভালোবাসলেই ঘর বাধা যায় না”, “জীবন ঢুলী”, “বৃত্তের বাইরে”, “লাভ স্টেশন”, “কিং খান” ছবিতে দেখা গেছে ছোট পর্দার নিয়মিত ও জনপ্রিয় মুখ রিমুকে।



