চলমান কোটা সংস্কার আন্দোলনে গোটা দেশ যখন ফুঁসে উঠেছে পক্ষে-বিপক্ষে, তখন দেশের প্রায় সব স্তরের মানুষই সোশ্যাল হ্যান্ডেলে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। বিশেষ করে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে অসংখ্য শিক্ষার্থী আহত এবং অন্তত দশজন নিহত হওয়ার ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ছেন দেশ-বিদেশের সর্বস্তরের মানুষ। সেই হতাশা গ্রাস করেছে জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ক্ষোভ উগড়ে দেন এই অভিনেত্রী।
ফেসবুক পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, “আমি ক্ষমাপ্রার্থী! গত ৪ দিন আমি ২/৪টা স্টোরি দেয়া ছাড়া কোনো কিছু লেখার সাহস পাচ্ছিলাম না! আমি ভিতু, আমাকে গালি দেন। গালির জবাবে কিছু বলার মুখ আমার নাই।”
এরপর নিজের ব্যক্তিগত জীবনের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন শবনম। বলেন, “বাবা নাই, মায়ের বয়স ৭০ প্রায়, আমাকে নিয়ে আমার মা আর দুই বোনের কম পোহানি পোহাতে হয় নাই। নতুন করে আমাকে নিয়ে কোনও ঝামেলায় তারা পড়ুক, আমি চাই না! আমি চুপ থাকাই বেস্ট অপশন ভেবে ঘরে বসে আছি। মেয়ে মানুষ, তার ওপর মিডিয়াতে কাজ করতাম, আমাকে গালি দেয়া কিংবা খারাপ কথা বলার তো লাইসেন্সই আছে।”
এরপর শিক্ষার্থীদের সঙ্গে সংহতি ও হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজকে চুপ থাকা বেশ কঠিন হয়ে যাচ্ছে, নিজের কাছে নিজের ছোট লাগছে, নিজেকে বড় বেশি মেরুদণ্ডহীন মনে হচ্ছে। আজকে আমার নিজের ইউনিভার্সিটির ছোট ভাইয়েরা মারা গেছে! ভাই বিশ্বাস করেন আইইউবি’র স্টুডেন্টরা আমরা আসলেই ফার্মের মুরগি, আমরা ক্যাম্পাসে ৩০ টাকা দিয়ে শিঙ্গাড়া খাই, তাও প্রতিবাদ করি না যে এতো দাম কেন? এরা সরকারি চাকরি কেউ করবে না! ওরা রাস্তায় দেশের জন্য নামসে! অন্য ভাইদের জন্য নামসে। ভ্রাতৃত্ব, ইন্সটিটিউটসনাল প্রাইডের ঊর্ধ্বে।”
শবনম ফারিয়ার সরাসরি প্রশ্ন জাতির প্রতি, “তাই বলে আমাদের ছোট ভাইগুলোকে মেরে ফেলবে? কেউ কোনও কিছুর দাবি করতে পারবে না? মেরে ফেলা লাগবে? মেরে ফেলা সমস্যার সমাধান? মানুষের জীবনের কোনও দাম নাই? ভাই আমি আসলেই রাজনীতি বুঝি না, বুঝতেও চাই না। আমি শুধু বুঝতে চাই আমার ছোট ভাইগুলোকে কেন মারা হইলো? আমি এর জবাব চাই! আমি এর বিচার চাই।”
শবনম ফারিয়া বিশ্বাস করেন দেশের এমন হত্যাকাণ্ড দেখে জীবিত মুক্তিযোদ্ধারাও বিব্রত এখন। তিনি বলেন, “মুক্তিযুদ্ধারা যারা বেঁচে আছেন, আমি নিশ্চিত তারা নিজেরাও এখন বিব্রত! তাদের সম্মান জানাতে গিয়ে এই ধরনের বর্বরতা! এইটা কেমন সম্মানরে ভাই? এতোগুলো বাচ্চাকে জাস্ট মেরে ফেললো? আর কোনো সমাধান ছিল না? মেরে ফেলা লাগবে, ওরা এত বড় সন্ত্রাসী ছিল?”
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদেশে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।



‘হোক সংস্কার, অপমান চাই না’, কবিতায় লিখলেন আফরান নিশো
কোটা আন্দোলনে সংঘর্ষ-মৃত্যু, সরব হলেন শাকিব খান
ক্যাম্পাসগুলোতে সংঘর্ষ নিয়ে যা বললেন অপু-বুবলী