Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

কোটা আন্দোলনে আহতদের পাশে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান ফারুকীর

ফারুকীর মতামতের সঙ্গে সহমত পোষণ করেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৭:৩৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের সমর্থন দিয়ে এসেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থেকে পোস্ট করেছেন তিনি। এই আন্দোলনকে ঘিরে বহু হতাহতের ঘটনা ঘটেছে। হাসপাতালগুলোতে এখনো চিকিৎসাধীন রয়েছে শত শত মানুষ।

তাদের অনেকেই সামর্থ্যের অভাবে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, অনেকে আবার টাকার অভাবে হাসপাতালেও যেতে পারেননি। তাদের কথা চিন্তা করে এবার আহতদের পাশে দাঁড়াতে দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন ফারুকী।
আজ রবিবার (১৮ আগস্ট) ফেসবুকে ফারুকী লিখেছেন, "ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান, আপনারা জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসুন। বিজ্ঞাপন এবং ইমেজ বিল্ডিংয়ের পেছনে খরচ কমিয়ে এখানে খরচ করুন। বাংলাদেশের মানুষের মনের গভীরে জায়গা হবে আপনাদের যা হাজারো মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে দিতে পারবে না।"

এরপর তিনি লেখেন, "এরইমধ্যে ব্র্যাক ব্যাংক এগিয়ে আসার ঘোষণা দিয়েছে। অন্যরাও এগিয়ে আসেন। নিজেরা মিলে জরুরি ভিত্তিতে একটি তহবিল তৈরি করুন জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য। করে সেটি একটি কেন্দ্রীয় সেলের হাতে তুলে দেওয়া যেতে পারে যারা সেখান থেকে বাংলাদেশের সব হাসপাতালে চিকিৎসাধীনদের চিকিৎসা এবং ওষুধ খরচ কেন্দ্রীয়ভাবে মেটাবে। এটি হতে পারে একটি প্রাথমিক তহবিল। এর সাথে যোগ হতে পারে সরকারের কনট্রিবিউশন। যোগ হতে পারে ব্যাংক লুটেরাদের কাছ থেকে আদায় করা অর্থ। আমরাও কনট্রিবিউট করতে চাই সেই তহবিলে।"

সবশেষে ফারুকী লিখেছেন, "সরকার সংশ্লিষ্টরা এটা নিয়ে একটু উদ্যোগী হন। যাদের ত্যাগে এই স্বাধীনতা, তাদের সেবা আমাদের জরুরী কর্তব্য। হিরোজ শুড গেট হোয়াট দে ডিজার্ভ।"

ফারুকীর মতামতের সঙ্গে সহমত পোষণ করেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। স্বামীর পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেছেন তিনি। সেই পোস্টে মন্তব্য করে সমর্থন জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা।

 

   

About

Popular Links

x