Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

তাসনিয়া ফারিণ: মানুষ শয়তানের চেয়ে বেশি শক্তিশালী

গত ১০ অক্টোবর তাসনিয়া ফারিণে অভিনীত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজ ‘চক্র’ একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১০:২০ পিএম

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ তার সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। নিয়মিত নাটক ও একাধিক ওয়েব ফিল্মে কাজ করছেন তিনি। কলকাতার সিনেমাতেও অভিনয় করেছেন। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিয়মিত সক্রিয়, যেখানে নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা খবর শেয়ার করেন।

শনিবার (১২ অক্টোবর) ফেসবুকে একটি পোস্টে ফারিণ লিখেছেন, “আমরা সবসময় শয়তানের ওপর সব দোষ চাপিয়ে বাঁচতে চাই। অথচ মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী। দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ তার অসীম ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই রাখে না। আর যারা রাখে, তাদের ওপর শয়তান কখনো আঘাত করতে পারে না। আপনি কোন দলে?”

এই স্ট্যাটাসটি তার সদ্য প্রকাশিত ওয়েব সিরিজ “চক্র”-এর প্রচারণার উদ্দেশ্যে বলে মনে হচ্ছে। সিরিজটি ১০ অক্টোবর একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত “চক্র” শুটিং করতে গিয়ে ফারিণ বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন, “এ কাজটি করার সময় বেশ কিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম। মাঝে মাঝে মনে হতো, কাজটি করা ঠিক হচ্ছে কি না। তবে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে চক্র মুক্তি পাচ্ছে, এটাই আনন্দের। শুটিং চলাকালীন আমি একবার অজ্ঞান হয়ে যাই, আর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ার পা ভেঙে যায়।”

তিনি আরও বলেছেন, “শুটিংয়ের সময় অনেকেই অজানা কারণে সেট থেকে চলে যাচ্ছিলেন, যা আমরা এখনো বুঝে উঠতে পারিনি। তবে এখন আর সে সব বিষয়ে কথা বলতে চাই না। আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, “চক্র” ওয়েব সিরিজটি দেখবেন। কারণ এ কাজটি আমরা অনেক পরিশ্রম করে করেছি। আশা করি, হতাশ হবেন না।”

“চক্র”-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। এতে আরও রয়েছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।

   

About

Popular Links

x