Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে

‘পাতাল লোক’ ‘দ্য ফ্যামিলি ম্যান’ ‘পঞ্চায়েত’ সিরিজের সিক্যুয়েল আসছে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম

চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩” থেকে “পঞ্চায়ত ৩” সিরিজগুলো। তবে পঁচিশেও ওয়েব সিরিজের তালিকা নেহাত মন্দ নয়। বহু প্রতীক্ষিত একাধিক সিরিজের সিক্যুয়েল আসছে এ বছর। কী কী ওয়েব সিরিজ আসতে যাচ্ছে, একনজরে দেখে নিন।

পাতাল লোক ২

প্রথম সিরিজেই হাতিরাম সাড়া ফেলে দিয়েছিলেন। তখন থেকেই সিক্যুয়েলের অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা। ২০২৫ সালেই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। যদিও মুক্তির দিন ঘোষণা করেননি নির্মাতারা। তবে সম্প্রতি পোস্টার প্রকাশ্যে এনে সিক্যুয়েল নিয়ে কৌতূহল বাড়িয়েছেন তারা। শোনা যাচ্ছে, বছরের প্রথম দিকে মুক্তি পাবে এই সিরিজ। হাই প্রোফাইল কেসের কিনারা করতে পারবে কী পুলিশ অফিসার হাতিরাম? জানাবে সিক্যুয়েল “পাতাল লোক ২”। স্বস্তিকা মুখোপাধ্যায় থাকছেন কি না এই সিজনে, নজর থাকবে সেদিকেও।

দ্য ফ্যামিলি ম্যান ৩

পর পর দুই সিজনে ফ্যামিলি ম্যান সিরিজে দর্শকদের মুগ্ধ করেছেন শ্রীকান্ত তিওয়ারি ওরফে মনোজ বাজপেয়ী। এই সিরিজ নিয়ে বরাবরই দর্শকদের কৌতূহল তুঙ্গে থাকে। এবার তৃতীয় সিজন নিয়েও তেমনই উন্মাদনা দেখা যাচ্ছে। ২০২৫ সালের দীপাবলির সময়ে আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে “দ্য ফ্যামিলি ম্যান ৩”। শোনা যাচ্ছে, এই সিরিজে মনোজ বাজপেয়ীর পাশাপাশি জয়দীপ আওলাতও থাকবেন।

আরিয়ান খানের “স্টারডম”

শাহরুখপুত্র আরিয়ান খানের পরিচালক হিসেবে হাতেখড়ি হতে চলেছে স্টারডম দিয়ে। এই সিরিজ দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে তার। প্রযোজনা করছে শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এই সিরিজে এক ফ্রেমে বলিউডের বহু তারকাদের দেখা যাবে। ২০২৫ সালের মাস্ট ওয়াচের তালিকায় যে এই আরিয়ান খানের “স্টারডম” থাকবে, তা বলাই যায়। মুক্তি পাবে নেটফ্লিক্সে।

পঞ্চায়েত ৪

পঞ্চায়েত দেখে ফুল্লেরা গ্রামের প্রেমে পড়েননি এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না। পর পর তিনটি সিজনে ছক্কা হাঁকিয়েছেন সচিবজি জিতেন্দ্র তিওয়ারি, প্রধান রঘুবীর যাদব এবং নীনা গুপ্তা। তৃতীয় সিজনেই সচিবজিকে অ্যাকশন মোডে দেখা গেছে। এবার চতুর্থ সিজনে যে নতুন চমক থাকবে, তা বলাই বাহুল্য। ২০২৫ সালে অ্যামাজান প্রাইম ভিডিওতে “পঞ্চায়েত ৪” দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

দ্য নাইট ম্যানেজার ২

ডিজনি প্লাস হটস্টার-এর এই সিরিজ প্রথমবারই সাড়া ফেলে দিয়েছিল। এক বছর বিরতির পর ২০২৫ সালে আসছে অনিল কাপুর এবং আদিত্য রায় কাপুর অভিনীত “দ্য নাইট ম্যানেজার ২”। শান-শৈলেন্দ্র জুটি এবার কোন ষড়যন্ত্র করবে, চোখ থাকবে সেদিকে। ২০২৫ সালের মাঝামাঝি মুক্তি পেতে চলেছে সিরিজটির দ্বিতীয় সিজন।

   

About

Popular Links

x