প্রায় ৫ বছরের বিরতির পর ‘‘পাঠান’’ সিনেমা দিয়ে কামব্যাক করেছিলেন বলিউড কিং শাহরুখ খান। সেই সিনেমার পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ। ২০২৩ সালের শুরুতে এই সিনেমার হাত ধরেই বক্স অফিসে কাঁপিয়ে ছিলেন বলিউড বাদশা। আর এবার পাঠান-এর পরিচালক সিদ্ধার্থের সঙ্গেই ফিরছেন শাহরুখের পরবর্তী সিনেমা ‘‘কিং’’ নিয়ে। যদিও প্রথমে এই সিনেমা পরিচালনা করার দায়িত্ব ছিল সুজয় ঘোষের। কিন্তু পরে শোনা যায় তিনি নন, সিদ্ধার্থ সিনেমাটি পরিচালনা করতে চলেছেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
দুবাইয়ের একটি ইভেন্টে শাহরুখ খান আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন যে “পাঠান” পরিচালক সিদ্ধার্থ আনন্দ তার পরবর্তী সিনেমা ‘‘কিং’’ পরিচালনা করবেন।
শাহরুখ তার ভক্তদের জানিয়েছেন, সিনেমাটির শ্যুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে গিয়েছে। কাজ চলছে পুরোদমে। তিনি বলেন, ‘‘আমি এখন মুম্বাইতে শ্যুটিং করছি। আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব ভালো একজন মানুষ। আমি আপনাদের এই বিষয়ে নিশ্চিত করতে পারি যে সিনেমটি ‘পাঠান’-এর মতোই আনন্দ দেবে। আপনারা দেখে অনেক মজা পাবেন।”
অভিনেতা তার অনুরাগীদের আরও বলেন, ‘‘আমি খুব কঠোর পরিশ্রম করছি। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে পুরো টিম খুব কঠোর পরিশ্রম করছে। আমরা সকলকে একটা ভালো সিনেমা উপহার দিতে পারব বলে আশা রাখি।”
‘‘কিং’’ সিনেমা দিয়ে সিদ্ধার্থ তার পুরানো সব রেকর্ড ভাঙবেন বলে অনেকেই আশা করছেন। সিনেমাটির শ্যুটিং হতে মোটামুটি ৬ থেকে ৭ মাস সময় লাগতে পারে বলে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছিল। বিশ্বের বিভিন্ন জায়গায় সিনেমাটির শ্যুটিং হবে। এটি ২০২৬ সালে মুক্তি পেতে চলেছে বলে জানা যায়। এই সিনেমাতে কিং খানের সঙ্গে তার মেয়ে সুহানাকেও দেখা যাবে। এই সিনেমার হাত ধরেই তিনি বড় পর্দায় পা রাখতে চলেছেন।
দুবাইয়ের অনুষ্ঠানে একের পর এক গানে নেচেছেন শাহরুখ। সবগুলোই ছিল তার নিজের গান। শুনিয়েছেন তার বিখ্যাত কিছু ডায়লগ। আর তার পরই বলেছেন, “এ বছর আমি ৬০-এ পা দেব, কিন্তু সত্যিই আমাকে ৩০ বছরের মতো দেখতে লাগে।”
এখনও শাহরুখ অভিনয় করেন আগের মতো ভাব ভঙ্গি বজায় রেখে। কাঁচা-পাকা চুলের শাহরুখকেই বেশি পছন্দ করে দর্শক। সিনেমায় তার দেওয়া ডায়লগই বেশি জনপ্রিয়।
উল্লেখ্য, ২০২৩ সাল জুড়ে বক্স অফিসে রাজত্ব করেছেন বলিউড বাদশা। পাঠান, জওয়ান-এর মতো ১,০০০ কোটির ব্লকবাস্টার দিয়েছেন।



