Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গৃহকর্মীকে মারধরের অভিযোগ, জবাবে যা বললেন পরীমণি

ভাটারা থানায় এ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পিংকি আক্তার

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৪:২০ পিএম

গৃহকর্মীকে মারধরের অভিযোগ ওঠেছে আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাজধানীর ভাটারা থানায় এ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পিংকি আক্তার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, “পরীমণির বাসার গৃহপরিচারিকাকে নির্যাতন ও মারধরের জন্য একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পিংকি আক্তার। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগে সত্যতার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন এই চিত্রনায়িকা। ২১ মিনিটের এই ভিডিওতে তার বিরুদ্ধে ওঠে আসা অভিযোগ নিয়ে কথা বলেন তিনি।

লাইভের শুরুতেই পরী বলেন, “‘আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝবেন, কোনো আত্মীয়স্বজন নিয়ে আমার জীবনযাপন না, আমার পুরো পরিবারটাই হলো আমার স্টাফদের নিয়ে। বিভিন্ন বিশেষ দিবসে তাদের নিয়ে লেখালেখি করতাম। মাদার্স ডে, ফাদার্স ডে যা-ই বলেন না কেন, কারণ আমি তাদের নিয়েই থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী, যে এক মাসও হয়নি না আসলে...সে দাবি করতেই পারে (গৃহকর্মী হিসেবে), তবে আমি বলব সে আমার গৃহকর্মী না।”

অভিযোগ আইনিভাবে মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, “আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু দিতে চাচ্ছি না কেন জানেন, কারণ আমি আইনের ওপর শ্রদ্ধাশীল।”

ভিডিও বার্তার একপর্যায়ে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে অভিযোগ করে বলেন, “আমরা কি একটু অপেক্ষা করতে পারতাম না যারা মিডিয়াকর্মী ছিলাম। তারা আমাকে যেভাবে টর্চারটা করল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো; তার মানে কি আমরা মিডিয়াকর্মী হয়ে তাকে প্রিভিলেজ (বেশি সুবিধা) দিচ্ছি না? যে কেউ যে কারও বিরুদ্ধে জিডি করলেই সঙ্গে সঙ্গেই এটা জাস্টিফাই হয়ে যাবে? এতে আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন?”

এছাড়াও শুক্রবার রাতে তার বাসায় পুলিশ এসে বাসার সবাইকে জিজ্ঞাসাবাদ করেছেন বলে লাইভে জানান তিনি।

দীর্ঘ লাইভের শেষ দিকে তিনি বলেন, “এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন, জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া।”

   

About

Popular Links

x