Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘ফ্যামিলি ম্যান’ অভিনেতার মরদেহ মিললো ঝরনার ধারে

রোহিতের পরিবারের দাবি আসামের জঙ্গলে বেড়াতে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০২:৩১ পিএম

আসামের একটি জঙ্গলের ভেতরে ঝরনার ধার থেকে উদ্ধার হলো “ফ্যামিলি ম্যান ৩” অভিনেতা রোহিত বাসফোরের মরদেহ। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, রবিবার (২৭ এপ্রিল) অভিনেতা আসামের গড়ভাঙার জঙ্গলে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে বনভোজন করতে। আর ফেরেননি রোহিত। যদিও অভিনেতার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।

আসামের সংবাদমাধ্যম ওডিশা বাইটসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিত আসামের বাসিন্দা। মাস কয়েক আগে নিজের শহরে ফিরেছিলেন। রোহিত রবিবার বিকেলে বন্ধুদের সঙ্গে বের হয়েছিলেন। দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। এদিন বাড়িতে জানিয়ে যান তিনি ঘুরতে যাচ্ছেন। তারপর একটা সময় আর অভিনেতার পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে পারে না। তারপর এক বন্ধু দুর্ঘটনার কথা রোহিতের পরিবারকে জানান। 

এদিকে পুলিশ জানিয়েছে, রোহিতকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। রোহিতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। মাথা, মুখ এবং শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতা সম্প্রতি একটা বিরোধে জড়িয়ে পড়েছিলেন। সেই সময় রঞ্জিত বাসফোর, অশোক বাসফোর এবং ধরম বাসফোর এই তিনজন তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন। রোহিতের পরিবারের দাবি অভিনেতাকে হত্যা করা হয়েছে। অমরদীপ নামে এক জিমের মালিক রোহিতকে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। অভিনেতার পরিবারের পক্ষ থেকে এই চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। জানা গেছে বর্তমানে অভিযুক্তরা পলাতক রয়েছে।

   

About

Popular Links

x