Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিশা সওদাগরের ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’

মিশা সওদাগরকে মারধরের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়

আপডেট : ১৫ মে ২০২৫, ০৪:১১ পিএম

এক ব্যক্তিকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন গ্রুপে শেয়ার করা এ ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে এটি খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরকে মারধরের ভিডিও।

গতকাল বুধবার (১৪ মে) রাতে ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওর ব্যক্তিটি মিশা সওদাগর নন বলে জানিয়েছেন চিত্রনায়িকা রেসি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনি রহমান।

ভিডিওটি নিয়ে ফেসবুকে রেসি লিখেছেন, “একটি ভুয়া ভিডিও ব্যবহার করে মিশা সওদাগর ভাইয়ার নামে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।”

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে আছেন মিশা সওদাগর। বিষয়টি নিয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, মিশা সওদাগর বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের ডালাসে রয়েছেন। বৃহস্পতিবার তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে।

প্রায় ৯ বছর আগে “মিসড কল” নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মিশা। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন। সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশ্যেই বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর।

বুধবার রাতে এক ফেসবুক পোস্টে চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, “সবার প্রিয় অভিনেতা মিশা সওদাগর ভাইয়ের আজ আমেরিকার ডালাসের একটি হাসপাতালে হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সবাই দোয়া করবেন মিশা ভাইয়ের জন‍্য।”

২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত “মিসড কল” সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান মিশা সওদাগর। পরে চিকিৎসকরা জানিয়েছিলেন তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

   

About

Popular Links

x