মারা গেছেন মালয়ালম অভিনেতা ও মিমিক্রি আর্টিস্ট কলাভবন নাভাসের (৫১)। তার মরদেহ কেরালার চোট্টানিক্কারা অঞ্চলের একটি হোটেল কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। খবর ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নাভাস একটি চলচ্চিত্রের শুটিংয়ের কাজে ওই হোটেলে অবস্থান করছিলেন। হোটেলের কর্মীরা তার সাড়া না পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন। এরপর তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
কলাভবন নাভাস ছিলেন একাধারে মিমিক্রি শিল্পী, নেপথ্য কণ্ঠশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা। মালয়ালম বিনোদনজগতে তার প্রতিভার বহুমাত্রিক রূপের জন্য তিনি ছিলেন সমাদৃত। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।



