Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

গরুর মাংস দিয়ে সুস্বাদু আলু ঘাটি রান্নার সহজ রেসিপি

নরম আলু, মসলাদার গরুর মাংস ও ঘরোয়া মসলার সমন্বয়ে তৈরি হয় এই খাবার

আপডেট : ২১ মে ২০২৬, ০৯:২৩ পিএম

বগুড়ার ঐতিহ্যবাহী আঞ্চলিক খাবার আলু ঘাটি এখন জনপ্রিয় হয়ে উঠেছে সারাদেশেই। সাধারণত মাছ কিংবা মাংস দিয়ে এই পদ রান্না করা হলেও গরুর মাংস দিয়ে তৈরি আলু ঘাটির স্বাদ ভিন্ন মাত্রা যোগ করে। নরম আলু, মসলাদার গরুর মাংস ও ঘরোয়া মসলার সমন্বয়ে তৈরি এই খাবার গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। চাইলে খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন সুস্বাদু এই রেসিপি।

এই পদ রান্না করতে লাগবে আধা কেজি গরুর মাংস, ১০-১২টি আলু, আধা কাপ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ করে আদা ও রসুন বাটা, দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া, পরিমাণমতো তেল, ২-৩ টুকরা দারুচিনি, ২-৩টি তেজপাতা, ৩-৪টি এলাচ, সামান্য হলুদের গুঁড়া, ১ চা চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়া, কয়েকটি কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ।

রান্নার শুরুতে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে ভেঙে নিতে হবে। এরপর একটি হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা বাদামি হলে তাতে তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে কিছুক্ষণ নেড়ে আদা-রসুন বাটা যোগ করতে হবে। সামান্য পানি দিয়ে মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে লবণ, মরিচ, হলুদ, ধনিয়া ও জিরার গুঁড়া মেশাতে হবে। এরপর গরুর মাংস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না মাংস সেদ্ধ হয়।

মাংস সেদ্ধ হয়ে এলে আগে থেকে ভেঙে রাখা আলু যোগ করে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণমতো পানি ও কয়েকটি কাঁচামরিচ দিয়ে ১০ মিনিটের মতো জ্বাল দিতে হবে। সবশেষে আলাদা একটি প্যানে সামান্য তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি ভেজে ফোড়ন তৈরি করে রান্নায় মিশিয়ে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার গরুর মাংসের আলু ঘাটি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ হবে আরও বেশি উপভোগ্য।

   

About

Popular Links

x