নৈশভোজে অনেকেই ভারী খাবার খেতে চান না। কিন্তু ভাত বা রুটির বিকল্প কিছু খুঁজেও পান না। অথচ আমাদের হাতের নাগালেই রয়েছে এমন কিছু উপকরণ যা দিয়ে তৈরি খাবার খেলে মনও ভরবে, পুষ্টিও পূরণ হবে। এরকমই একটি খাবার হচ্ছে স্যুপ। ঘাবড়ে যাচ্ছেন? ভাবছেন, স্যুপ তৈরি তো বিরাট ঝক্কি ঝামেলার কাজ এটি। আদতে একেবারেই না। আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি এমন কিছু সুপের রেসিপি যেগুলো তৈরি খুব সহজ, অথচ খেতে দারুণ স্বাস্থ্যকর!
চলুন জেনে নেই স্যুপের বেশ কয়েকটি রেসিপি
মাশরুমের স্যুপ
মাশরুম ছোট ছোট টুকরো করে কেটে ভাল করে ধুয়ে নিন। প্যানে সামান্য মাখন বা অলিভ তেল দিয়ে তাতে একটি গোটা পেঁয়াজের কুচি ও ৩টি রসুনের কোয়া দিয়ে ভেজে নিন। তাতে দিন মাশরুমের টুকরোগুলি। ভাল করে ভাজা হলে আধ কাপ দুধে কর্নফ্লাওয়ার গুলে ঢেলে দিন। ভালো করে ফোটান যতক্ষণ না ঘন হয়। এবার ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ও গ্রেট করা চিজ় ছড়িয়ে পরিবেশন করুন।
পালংয়ের ক্রিমি স্যুপ
২ কাপের মতো পালং শাক কুচি করে নিন। এর সঙ্গে প্রয়োজন হবে ২ চামচের মতো স্প্রিং অনিয়ন কুচি। জল গরম করে তাতে কুচিয়ে রাখা পালং শাক দিয়ে দিন। সামান্য নুন দিয়ে জল ফুটতে দিন। পালং সেদ্ধ হয়ে এলে তাতে আধ কাপের মতো দুধ ঢেলে দিন। আঁচ কমিয়ে ফোটান যাতে মিশ্রণটি ঘন হয়ে আসে। এর পর একটি প্যানে অলিভ অয়েল দিয়ে তাতে অরিগ্যানো ও স্প্রিং অনিয়ন দিয়ে নাড়াচাড়া করুন। তার পর পালং-দুধের মিশ্রণটি ঢেলে দিন। ফুটে গেলে চুলা বন্ধ করে ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।
লাউ ও ধনেপাতার স্যুপ
ডুমো করে কাটা লাউ, আদা কুচি, জিরে, ধনেপাতা নিয়ে নিন। লাউ ও আদা সামান্য জল দিয়ে সেদ্ধ করে নিন। ব্লেন্ডারে ভাল করে পিষে ছেঁকে নিন। একটি পাত্রে জিরে ফোড়ন দিয়ে এই মিশ্রণটি ঢেলে সামান্য নুন, গোলমরিচ ও ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। ওজন কমানোর জন্য এই স্যুপ খুবই পুষ্টিকর।



