‘ব্ল্যাক ফ্রাইডে’ মানেই ছাড়, কিন্তু দিনটির শুরু হয়েছিল কীভাবে?

যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এই আয়োজন এখন আর একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

বিশেষ ছাড়ে পছন্দের পণ্য কেনার জন্য বছরের একটি নির্দিষ্ট দিনের অপেক্ষায় থাকেন বিশ্বের বহু মানুষ। দিনটি এলে বিভিন্ন দোকান বা শপিংমলের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি পড়ে, আবার কোথাও অনলাইন স্টোরে শুরু হয় পণ্য কেনার প্রতিযোগিতা। টেলিভিশন, স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে পোশাক, প্রসাধনী ও আসবাব - প্রায় সব ধরনের পণ্যেই পাওয়া যায় বিশেষ ছাড়। এই কেনাকাটার আয়োজনের নাম ‘ব্ল্যাক ফ্রাইডে’।

যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এই আয়োজন এখন আর একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ব্ল্যাক ফ্রাইডের জনপ্রিয়তা। দিনটিকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগে থেকেই ছাড় ও বিশেষ বিপণন কার্যক্রম শুরু করেন বিক্রেতারা। ফলে এক দিনের কেনাকাটার আয়োজন থেকে এটি এখন বিশ্ব খুচরা বাণিজ্যের গুরুত্বপূর্ণ মৌসুমি উৎসবে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

ব্ল্যাক ফ্রাইডে কেন এত গুরুত্বপূর্ণ

ব্ল্যাক ফ্রাইডের গুরুত্ব শুধু ক্রেতাদের ছাড়ে পণ্য কেনার সুযোগের মধ্যে সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অর্থনীতিতেও এই সময়ের কেনাকাটার বড় প্রভাব রয়েছে।

প্রতি বছর ২৫ ডিসেম্বর বড়দিন উদ্‌যাপনের আগে থেকেই কেনাকাটার প্রস্তুতি শুরু করেন মানুষ। তবে নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার থ্যাংকসগিভিং ডে এবং এর পরদিন ব্ল্যাক ফ্রাইডেকে ঘিরে কেনাকাটার গতি বাড়ে। এই প্রবণতা বড়দিন পেরিয়ে নববর্ষ পর্যন্ত চলতে থাকে।

যুক্তরাষ্ট্রের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি ভোক্তা ব্যয়। তাই এই সময়ে মানুষের কেনাকাটার প্রবণতা থেকে তাদের ক্রয়ক্ষমতা, ভোক্তার আস্থা ও অর্থনীতির সামগ্রিক গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেইল ফেডারেশনের (এনআরএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর ও ডিসেম্বরে দেশটির খুচরা বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৪% বেড়ে ১ লাখ ১৩ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে।

অন্যদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে অ্যাডোবি অ্যানালিটিকসের পূর্বাভাসের বরাত দিয়ে বলা হয়েছে, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনলাইন কেনাকাটার পরিমাণ দাঁড়াতে পারে ২৭ হাজার ৫১০ কোটি ডলারে। আগের বছরের তুলনায় এই প্রবৃদ্ধি ৬.৭%। শুধু ব্ল্যাক ফ্রাইডেতেই অনলাইনে কেনাকাটার পরিমাণ হতে পারে ১ হাজার ২৯০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৯.২% বেশি। আর সাইবার মানডেতে অনলাইন বিক্রি হতে পারে ১ হাজার ৫১০ কোটি ডলার।

এবারের কেনাকাটায় আরেকটি বিষয় লক্ষণীয়। উপহারসামগ্রীর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয়  পণ্যও কিনছেন যুক্তরাষ্ট্রের ক্রেতারা। সিএনএনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্যাম্পু, প্রসাধনী, সাধারণ পোশাক ও গৃহস্থালি পরিষ্কারের পণ্যের চাহিদাও বাড়ছে।

অ্যাডোবির তথ্য অনুযায়ী, ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনলাইনে কেনাকাটার পরিমাণ ছিল ৮ হাজার ২৫০ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৯.১% বেশি।

এই বিপুল কেনাকাটার প্রভাব পড়ে অর্থনীতির আরও কয়েকটি খাতে। পণ্য পরিবহন, গুদামজাতকরণ, প্যাকেজিং, সরবরাহ ও ডিজিটাল পেমেন্টের মতো সেবার চাহিদা বাড়ে। বাড়তি চাপ সামলাতে অনেক প্রতিষ্ঠান খণ্ডকালীন কর্মী নিয়োগ করে। বন্দর, কুরিয়ার ও আন্তর্জাতিক সরবরাহব্যবস্থাও ব্যস্ত হয়ে ওঠে। বিশেষ করে চীনসহ এশিয়ার উৎপাদনকারী দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রের এই কেনাকাটার মৌসুম গুরুত্বপূর্ণ।

কীভাবে শুরু হলো ব্ল্যাক ফ্রাইডে

ব্ল্যাক ফ্রাইডের ইতিহাস জানতে ফিরে যেতে হবে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে, ১৯৫০-এর দশকে।

থ্যাংকসগিভিং ডের পরদিন থেকেই যুক্তরাষ্ট্রে বড়দিনের কেনাকাটা শুরু হতো। একই সময়ে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত আর্মি-নেভি ফুটবল ম্যাচ দেখতে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটত। কেনাকাটা ও খেলা দেখতে আসা মানুষের ভিড়ে শহরের রাস্তায় যানজট ও বিশৃঙ্খলা তৈরি হতো। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যদের অতিরিক্ত পরিশ্রম করতে হতো। এ কারণে পুলিশ কর্মকর্তারা দিনটিকে নেতিবাচক অর্থে ‘ব্ল্যাক ফ্রাইডে’ বলে অভিহিত করেন। ১৯৬০-এর দশকে শব্দটি আরও জনপ্রিয় হয়ে ওঠে।

তবে ‘ব্ল্যাক ফ্রাইডে’ শব্দবন্ধটির ইতিহাস আরও পুরোনো। ইতিহাসভিত্তিক সংবাদমাধ্যম হিস্ট্রি ডট কমের তথ্যানুযায়ী, ১৮৬৯ সালের ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্বর্ণের বাজারে বড় ধরনের ধসের ঘটনাকেও ব্ল্যাক ফ্রাইডে বলা হয়েছিল। তবে কেনাকাটার সঙ্গে দিনটির সম্পর্ক তৈরি হয় ফিলাডেলফিয়ায় ১৯৫০-এর দশকে।

পরবর্তী সময়ে ব্যবসায়ীরা নামটির একটি ইতিবাচক ব্যাখ্যা জনপ্রিয় করেন। তাদের ব্যাখ্যা অনুযায়ী, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো লোকসান বোঝাতে হিসাবের খাতায় লাল কালি এবং মুনাফা বোঝাতে কালো কালি ব্যবহার করত। বড়দিনের কেনাকাটার মৌসুমে বিক্রি বাড়ায় প্রতিষ্ঠানগুলো লোকসানের হিসাব থেকে মুনাফার হিসাবে প্রবেশ করত। এভাবেই ব্ল্যাক ফ্রাইডে নামটি লাভের প্রতীক হয়ে ওঠে বলে প্রচার করা হয়। তবে এটিই নামটির প্রকৃত ঐতিহাসিক উৎপত্তি নয়। ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রজুড়ে দিনটির জনপ্রিয়তা বাড়তে শুরু করে।

দোকানের সারি থেকে অনলাইন কেনাকাটা

একসময় ব্ল্যাক ফ্রাইডে মানেই ছিল দোকানের সামনে রাত থেকে ক্রেতাদের অপেক্ষা, দীর্ঘ সারি এবং সীমিত সময়ের বিশেষ ছাড়ে পণ্য কেনার প্রতিযোগিতা। প্রযুক্তির অগ্রগতি ও ই-কমার্সের প্রসারে সেই চিত্রে পরিবর্তন এসেছে।

এখন ঘরে বসেই অনলাইনে পছন্দের পণ্য কেনার সুযোগ রয়েছে। ব্ল্যাক ফ্রাইডেকে কেন্দ্র করে বিভিন্ন অনলাইন স্টোরে বিশেষ ছাড় দেওয়া হয়। ফলে দোকানের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও বাড়ছে কেনাকাটার চাপ।

হিস্ট্রি ডট কমের তথ্যানুযায়ী, ২০০৫ সালে অনলাইনে কেনাকাটার জন্য সাইবার মানডে আয়োজনের প্রচলন শুরু হয়। থ্যাংকসগিভিংয়ের পর প্রথম সোমবার এই আয়োজন করা হয়। মূলত অনলাইন কেনাকাটাকে উৎসাহিত করতেই সাইবার মানডের প্রচলন।

করোনা মহামারির সময় অনলাইন কেনাকাটা আরও জনপ্রিয় হয়ে ওঠে। অনেক প্রতিষ্ঠান এখন নভেম্বরের শুরু থেকেই বিশেষ ছাড় দিতে শুরু করে। ফলে ব্ল্যাক ফ্রাইডে আর শুধু একটি দিনের আয়োজন নয়; পুরো নভেম্বর মাসজুড়েই চলে বিভিন্ন বিক্রয় কার্যক্রম।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ব্ল্যাক ফ্রাইডে

যুক্তরাষ্ট্রে শুরু হলেও ব্ল্যাক ফ্রাইডে এখন আন্তর্জাতিক বাণিজ্যের পরিচিত একটি আয়োজন। যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি ও মেক্সিকোসহ বিভিন্ন দেশে দিনটি ঘিরে বিশেষ ছাড় দেওয়া হয়।

এসব দেশের অনেক জায়গায় থ্যাংকসগিভিং ডে পালিত হয় না। তারপরও ব্যবসায়ীরা বাণিজ্যিক সুযোগ হিসেবে ব্ল্যাক ফ্রাইডেকে গ্রহণ করেছেন। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে নানা ধরনের ছাড় দেওয়া হয়।

সব মিলিয়ে ব্ল্যাক ফ্রাইডে এখন শুধু কম দামে পণ্য কেনার দিন নয়। এটি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস, ব্যবসায়ীদের বিপণন কৌশল এবং বিশ্ব অর্থনীতির মৌসুমি গতিপ্রকৃতির সঙ্গে জড়িয়ে গেছে। প্রযুক্তির প্রসার ও অনলাইন কেনাকাটার বিস্তারের সঙ্গে সঙ্গে এই আয়োজনের পরিধিও বাড়ছে।