ধূমপানের অভ্যাস সহজে ছাড়া যায় না। করোনাভাইরাসের সময় চিকিৎসকরা ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি বলে জানিয়েছিলেন। ক্যান্সারের মতো মারণ রোগ ছাড়াও হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়ার মতো রোগের সৃষ্টি করে অতিরিক্ত ধূমপান।
চিকিৎসকদের মতে, সুস্থ জীবনযাপন করতে ধূমপানের অভ্যাস জীবন থেকে বাদ দেওয়া একান্তই জরুরি। তবে আজকে ধূমপান বন্ধ করে দিলে কাল থেকে সব ঠিক হয়ে যাবে না। ধূমপানের ফলে শরীরের ভিতরে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার সবটা হয়ত ক্ষতিপূরণ হবে না। তবে এখন ধূমপান ছাড়লে ক্ষতির পরিমাণ আর বেশি দূর এগোবে না।
কী উপায়ে ত্যাগ করবেন ধূমপানের অভ্যাস?
আশেপাশের মানুষের ক্ষতি হচ্ছে
ধূমপান যিনি করেন তার যেমন স্বাস্থ্যঝুঁকি থেকে যায়। তেমনই পরোক্ষ ধূমপানের ফলে আশপাশে থাকা মানুষেরও স্বাস্থ্যহানি ঘটছে। যা একেবারেই কাম্য নয়। ধূমপান ত্যাগ করে নিজেকে এবং চারপাশের মানুষজনকেও সুস্থ রাখুন।
খাদ্যাভ্যাস ও জীবনযাপনে বদল আনুন
গবেষণা বলছে, আমিষ এবং মাংসজাতীয় খাবার খাওয়ার পরেই মূলত ধূমপান বেশি উপভোগ্য হয়ে ওঠে। তাই ধূমপান ত্যাগ করতে চাইলে কিছু দিন বেশি করে ফলমূল ও শাকসব্জি খেতে পারেন। নিয়মিত শরীরচর্চা করুন। বিশেষ করে যোগাসন, প্রাণায়ামের অনুশীলন বেশি করে করতে পারেন। নিয়মিত শরীরচর্চার অভ্যাস ধূমপান করা থেকে আপনাকে বিরত রাখবে।
মদ্যপান থেকে দূরে থাকুন
অ্যালকোহল মিশ্রিত পানীয়, কোমল পানীয়, চা বা কফি খাওয়ার পরে অনেকে ধূমপান করে থাকেন। ধূমপানের অভ্যাস ত্যাগ করতে চাইলে প্রথমে এই ধরনের পানীয় এড়িয়ে চলুন।
পছন্দের স্বাদের চকোলেট খেতে পারেন
ধূমপানের অভ্যাস বদলে ফেলুন চকোলেট খেয়ে। চকোলেট বা চিউইং গাম খাওয়ার অভ্যাস তৈরি হলে ধূমপানের আগ্রহ চলে যাবে।
চিকিৎসকের পরামর্শ নিন
খারাপ হোক বা ভাল, দীর্ঘদিনের অভ্যাস ত্যাগ করতে সময় লাগে। নিজের চেষ্টায় ধূমপানের আসক্তি ত্যাগ করতে না পারলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র: আনন্দবাজার



