Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

একটি শিমুল গাছে রঙিন টাঙ্গাইল পুলিশ লাইন্স

পুলিশ লাইন্সের বাসিন্দারা জানান, কাজের চাপে তেমন একটা ছুটি পাওয়া যায় না। তাই ঘুরতেও যাওয়া কম হয়। এই শিমুল ফুল কর্মব্যস্ত জীবনে একটু প্রশান্তি এনে দেয়। তাকালে সারাদিনের ক্লান্তি ও পরিশ্রম যেন উবে যায়

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৮:০৯ এএম

ফুল প্রকৃতির শ্রেষ্ঠ উপহার। ঋতুরাজ বসন্তের শুরুতেই টাঙ্গাইল পুলিশ লাইন্সের একটি গাছে ফুটেছে রক্তলাল শিমুল ফুল। শিমুলের এই লাল রঙ জানান দেয় ঋতুরাজ বসন্তের কথা। ডালপালাজুড়ে তো বটেই, গাছটির নিচে কিছুটা জায়গাজুড়ে শিমুল ফুল যেন বিছিয়েছে লাল গালিচা। 

পুলিশ লাইনের পুকুর পাড়ের এ গাছটির এমন শোভা দেখে কর্মরত পুলিশ সদস্য, সেখানকার বাসিন্দা এবং পুলিশ লাইন্সে আসা লোকজন বিমোহিত। নীল আকাশের নিচে রক্তলাল ফুল দেখে সবার মনেই দোলা দেয় বসন্ত। ছোটরাও ফুল কুড়াতে প্রায়ই ছুটে বেড়ায় গাছটির আশেপাশে।

শীতের শেষে শিমুলের পাতা ঝরে যায়। বসন্তের শুরুতেই গাছে ফুল ফোটে। ফুল পরিপক্ক হলে আসে ফল। চৈত্র মাসের শেষের দিকে ফল পুষ্ট হয়। বৈশাখের দিকে ফলগুলো পেকে শুকিয়ে যায়। বাতাসে আপনা-আপনিই ফল ফেটে প্রাকৃতিকভাবে তুলার সঙ্গে উড়ে দূর-দূরান্তে ছড়িয়ে পড়া বীজ থেকেই নতুন গাছের জন্ম হয়।

ঢাকা ট্রিবিউন

পুলিশ লাইন্সের বাসিন্দারা জানান, কাজের চাপে তেমন একটা ছুটি পাওয়া যায় না। তাই ঘুরতেও যাওয়া কম হয়। পুলিশ লাইন্সের এই শিমুল ফুল কর্মব্যস্ত জীবনে একটু প্রশান্তি এনে দেয়। গাছটির দিকে তাকালে সারাদিনের ক্লান্তি ও পরিশ্রম যেন উবে যায়।

বন ও পরিবেশ সংশ্লিষ্টরা বলেন, বাণিজ্যিকভাবে এখন দেশের কোথাও এই শিমুলগাছ বা তুলা চাষ করা হয় না। এটি প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে। ফলে শিমুল গাছ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এর তুলা খুবই ভালো। এটি বাণিজ্যিকভাবে চাষ হলে অনেকেই লাভবান হতে পারত।

এ ব্যাপারে পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ হারেচ আলী মিঞা ঢাকা ট্রিবিউনকে বলেন, “আমি ৯৪ সাল থেকে এ জেলায় কর্মরত। তখন থেকেই আমি পুলিশ লাইন্সে এ শিমুল গাছটি দেখে আসছি।”

“আমার ধারণা, এই গাছটি আনুমানিক ৪০ বছরের পুরনো।”

টাঙ্গাইল পুলিশ লাইন্সের একটি গাছে ফুটেছে শিমুল ফুল। গাছটির সৌন্দর্য মুগ্ধ করছে সবাইকে ঢাকা ট্রিবিউন

জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের ভাষায়, “প্রায় ৩৩ একর জায়গা জুড়ে রয়েছে টাঙ্গাইল পুলিশ লাইন্স। এখানকার সবাই ফুলের সৌন্দর্যে বিমোহিত। পুলিশ সদস্য এবং তার পরিবারের সদস্যদের কাছে গাছটি যেন ভালোবাসার আরেক নাম। এছাড়া পুলিশ লাইন্সে এবং হাসপাতালে সেবা নিতে আসা লোকজনও এই গাছটির সৌন্দর্য দেখে মুগ্ধ।”

তিনি আরও বলেন, “কাজের চাপে অনেক পুলিশ সদস্যই দূরে কোথাও যেতে পারে না। তাই ঘরের কাছে এমন সৌন্দর্য দেখে তারা মুগ্ধ।”

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর শামীম আল মামুন ঢাকা ট্রিবিউনকে বলেন, “পরিবেশ রক্ষার জন্য প্রতিটি উদ্ভিদ ও প্রাণীর বিশেষ অবদান রয়েছে। শিমুল গাছও পরিবেশের ভারসাম্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এই গাছ না থাকলে এর সঙ্গে যুক্ত অণুজীবগুলোর জীবন ব্যবস্থা ব্যাহত হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে। তবে বর্তমানে জেলায় শিমুল গাছ খুব একটা দেখা যায় না। সেজন্য আমরা মনে করি, প্রকৃতির ভারসাম্য রক্ষায় শিমুল গাছ সংরক্ষণ করা উচিৎ।”

তিনি আরও বলেন, “প্রাকৃতিকভাবে জন্মানো গাছগুলো ধ্বংস করা ঠিক না। সেগুলো আমরা যেন রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করি। এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে।”

   

About

Popular Links

x