Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

২০২৫ সালেও থাকবে বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা

অর্থনৈতিক চ্যালেঞ্জ ও দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে এই ছাঁটাই হবে

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম

কোভিড মহামারির পর থেকে বিশ্বের প্রযুক্তি কোম্পানিগুলোতে যে ছাঁটাই প্রবণতা শুরু হয়েছে, তা এখনও চলছে। তবে পূর্বের মতো ছাঁটাই এখন আর প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই; মিডিয়া, আর্থিক, উৎপাদন ও খুচরা বিক্রেতা কোম্পানিগুলোতেও এখন চলছে ছাঁটাই। সম্প্রতি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক টানাপোড়েন ও দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে এই ছাঁটাই হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে দ্রুত পরিবর্তন ঘটছে। অনেক কোম্পানি এখন ব্যক্তি পর্যায়ের চাইতে এআইতে বিনিয়োগ করতে বাধ্য হচ্ছে।

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনের সূত্রে ইকোনমিক টাইমস জানায়, আগামী ৫ বছরে বিশ্বের ৪১% কোম্পানি এআই গ্রহণের কারণে কর্মী ছাঁটাই করতে বাধ্য হবেন। ২০২৫ সালে যেসব কোম্পানি কর্মী ছাঁটাই করতে পারে, তার সম্ভাব্য একটি তালিকা নিচে দেওয়া হলো-

মাইক্রোসফট

কর্মনৈপুণ্য ব্যবস্থাপনা কৌশলের অংশ হিসেবে মাইক্রোসফটে কর্মী ছাঁটাই পূর্বের ন্যায় অব্যাহত রয়েছে। তথ্যানুযায়ী, মাইক্রোসফট বিভিন্ন বিভাগের যেসব কর্মী কাঙ্ক্ষিত পরিমাণে কাজ করতে পারছেন না, তাদের ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। এর মধ্যে তাদের নিরাপত্তা বিভাগের কর্মীরাও আছেন। তবে এ বছর বেশি কর্মী ছাঁটাইয়ের শিকার হবেন না বলে জানা গেছে।

ব্ল্যাকরক

বৈশ্বিক বিনিয়োগ ব্যবস্থাপনা করপোরেশন ব্ল্যাকরক এ বছর ২০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। মূলত কোম্পানির কৌশলগত পরিকল্পনার সঙ্গে সম্পদের পুনর্বিন্যাসের অংশ হিসেবে এবার কর্মী ছাঁটাই করবে কোম্পানিটি। এদিকে ছাঁটাইয়ের পাশাপাশি নিয়োগ দেওয়ারও পরিকল্পনা রয়েছে তাদের।

ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটস

বিশ্বের অন্যতম হেজ ফান্ড ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটস ইতোমধ্যই ৯০ জন কর্মী ছাঁটাই করেছে। মূলত কোম্পানিটি তাদের ব্যয় কমাতে ও পরিচালনাগত দক্ষতা বজায় রাখার স্বার্থে এই ছাঁটাই করেছে বলে জানা গেছে।

ওয়াশিংটন পোস্ট

যুক্তরাষ্ট্রের অন্যতম সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ৪% কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। ডিজিটাল মাধ্যমের পাঠক কমে যাওয়ায় পত্রিকাটি যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তা পোষাতেই তাদের ছাঁটাইয়ের পরিকল্পনা। তবে বার্তাকক্ষে ছাঁটাই হচ্ছে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিভাগে এই ছাঁটাই হবে।

অ্যালাই ফাইন্যান্সিয়াল

ডিজিটাল আর্থিক সেবা অ্যালাই ফাইন্যান্সিয়াল এ বছর ৫০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে। কোম্পানির কর্মী সংখ্যা যথাযথ পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যে তারা এই ছাঁটাই পরিকল্পনা করেছে।

অ্যামাজন

অ্যামাজনের প্রধান নির্বাহী জানিয়েছেন, কোম্পানির পরিচালনাগত উন্নয়নের লক্ষ্যে প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে এ বছর। এতে কোম্পানির বার্ষিক প্রায় ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার বাঁচবে বলে জানিয়েছে তারা।

এছাড়াও বোয়িংসহ আরও কয়েকটি এয়ারলাইনস বা বিমান পরিষেবা দেওয়া কোম্পানি চলতি বছর কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে।

   

About

Popular Links

x