বর্ষাকালে পাহাড় মানেই অন্যরকম এক অ্যাডভেঞ্চার। এসময় তারুণ্যের উদ্দীপনায় অনেকেই পাহাড়চূড়া জয়ের আনন্দ ভোগ করতে চান। ঝিরিঝিরি বর্ষণ নামলেই মন উড়ে যায় প্রকৃতির কাছে। বর্ষায় বেড়াতে যাওয়া অনেকের কাছেই রোমাঞ্চের মতো। বৃষ্টিভেজা পাহাড় থেকে পাহাড়ি ঝর্নায় পা ভেজানো, এক অদ্ভুত প্রশান্তি থাকে মনে। তবে বর্ষায় পাহাড় ভ্রমণের পরিকল্পনা করার আগে বাড়তি সতর্ক থাকতে হবে। এসময় যেসব বিষয় খেয়াল রাখবেন-
হাতে বাড়তি সময় রাখা
৩ থেকে ৪ দিনের পরিকল্পনা করেছেন। তবে হাতে এক দুদিন সময় রেখেই টিকিট কাটুন। বর্ষায় পাহাড়ে মাঝেমাঝেই ধস নামে। আবার ভারি বৃষ্টিপাতের কারণে বেরোনোও বন্ধও হয়ে যেতে পারে। তাই দু-এক দিন বাড়তি সময় হাতে রাখলে অনেকটাই খোলা মনে ঘোরাঘুরি করতে পারবেন।
আবহাওয়া পূর্বাভাস জেনে নেওয়া
বর্ষায় পাহাড়ে ট্রেক করতে যাবেন? পাহাড়ে পৌঁছনোর পর তো বটেই, তবে যাওয়ার আগেই আবহাওয়ার পূর্বাভাস জেনে নিতে ভুলবেন না। বৃষ্টির পূর্বাভাস থাকলে ট্রেকে না যাওয়াই শ্রেয়। না হলে মাঝপথে মুশকিল হতে পারে।
সঠিক পোশাক
বর্ষায় পাহাড়ে যাওয়ার আগে রেনকোট নিতে ভুলবেন না। পাহাড়ি বৃষ্টি ছাতায় মানাবে না। তা ছাড়া বৃষ্টির সময় পাহাড়ের ঠান্ডাও বেশি পড়ে। তাই হালকা শীতের পোশাকও সঙ্গে রাখতে হবে। ওয়াটারপ্রুফ জুতো পরলে ভালো। বর্ষায় জুতো ভালো না হলে পাহাড়ে বেড়ানো কঠিন কাজ।
শরীর ফিট রাখা
পাহাড়ি পথে চলা মোটেও খুব সহজ নয়। তাই পাহাড়ে অ্যাডভেঞ্চারের পরিকল্পনা করলে অন্তত দুই-তিন সপ্তাহ আগে থেকেই অনেকটা পথ হাঁটার অভ্যাস করা উচিত। সমতলে নিয়মিত হাঁটার এই চর্চা পাহাড়ি পথে আপনার পাথেয় হতে পারে। দুর্গম এলাকায় যাওয়ার পরিকল্পনা করলে অভিজ্ঞ ব্যক্তিদের কাছে সেখানে যাওয়ার ঝক্কি সম্পর্কে জেনে নেওয়া ভালো।



