দেশে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে, যা নিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৭ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও সন্দেহজনক হামে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই হিসাবে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯৮৭ জনে পৌঁছেছে।
এই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪০ জনের এবং সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জন, আর নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৯ হাজার ৫৬৭ জন।
বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৬২ জন। এরপর বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে।
সন্দেহজনক হামের ক্ষেত্রেও ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে ১৫২, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৫, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৬, খুলনায় ৩৫ ও রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।



