Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতে পোশাকের ক্রয়াদেশ স্থগিত করেছে ওয়ালমার্ট-অ্যামাজন

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্রয়াদেশ স্থগিত রাখতে বলেছে আরও কয়েকটি প্রতিষ্ঠান

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ পিএম

ভারতে দেওয়া তৈরি পোশাকের ক্রয়াদেশ স্থগিত করতে শুরু করেছে ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট ও গ্যাপসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্র্যান্ড। ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপের পর এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের বড় ব্র্যান্ডগুলো।

শুক্রবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য রপ্তানিতে অতিরিক্ত ২৫% শুল্ক বসায়। সবমিলিয়ে শুল্ক দাঁড়ায় ৫০%। এরপরই ভারতের তৈরি পোশাক রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ক্রয়াদেশ স্থগিত রাখার ই–মেইল পেতে শুরু করেন। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্রয়াদেশ স্থগিত রাখতে বলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো উচ্চ শুল্কজনিত খরচ ভাগাভাগি করতে রাজি নয়। তারা ভারতীয় রপ্তানিকারকদের এই খরচ বহন করতে বলছে।

উচ্চ শুল্কের কারণে ভারত থেকে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ৩০-৩৫% পর্যন্ত খরচ বাড়তে পারে। এ কারণে ভারতে যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ ৪০-৫০% পর্যন্ত কমতে পারে। এর ফলে কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতির আশঙ্কা করছেন ভারতের রপ্তানিকারকরা।

ভারতের ওয়েলস্পান লিভিং, গোকলদাস এক্সপোর্টস, ইন্দো কাউন্ট ও ট্রাইডেন্টের মতো বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের মোট রপ্তানির ৪০-৭০% যুক্তরাষ্ট্রে করে থাকে। ভারতের তৈরি পোশাক ও বস্ত্রের সবচেয়ে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের বাজারে ভারত চতুর্থ শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। গত বছর ভারত ৪৬৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। এক্ষেত্রে ভারতের মূল প্রতিযোগী দেশ হচ্ছে বাংলাদেশ ও ভিয়েতনাম। ফলে উচ্চ শুল্কের কারণে ভারত থেকে ক্রয়াদেশ এই দেশ দুটিতে চলে যেতে পারে। এর কারণ, বাংলাদেশ ও ভিয়েতনামের ওপর ২০% করে পাল্টা শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

শুধু তৈরি পোশাক ও বস্ত্র নয়, বাড়তি ৫০% শুল্কের কারণে ভারতের চামড়া, রাসায়নিক, জুতা, রত্ন ও গয়না ও চিংড়ি রপ্তানি খাত বড় ধাক্কা খাবে বলে মনে করছেন দেশটির এসব খাতসংশ্লিষ্টতা।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর যে ৫০% শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে ২৫%। বাকি ২৫% আগামী ২৮ আগস্ট থেকে কার্যকর হবে।

   

About

Popular Links

x