ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রুসহ মোট আটজন আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মেলাউই জেলায় এই দুর্ঘটনা ঘটে।
মেলাউই শাখার উদ্ধার কার্যক্রমের প্রধান মোহাম্মদ সায়াফি জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি একটি স্থানীয় বিমান পরিষেবা সংস্থার মালিকানাধীন “এয়ারবাস এইচ১৩০” মডেলের। একটি পাম বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরেই হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মোহাম্মদ সায়াফি আরও জানান, দুর্ঘটনাস্থলটি পার্শ্ববর্তী সেকাদাও জেলার অন্তর্গত একটি খাড়া পাহাড় ও ঘন জঙ্গলে ঘেরা দুর্গম এলাকায়। প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকারী দলের সেখানে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়।
উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে ৮ জন আরোহীর কাউকেই জীবিত পায়নি। নিহতদের মধ্যে দুইজন ক্রু এবং ছয়জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিকও রয়েছেন।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, হেলিকপ্টারটির লেজের অংশ মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক কিলোমিটার দূরে পড়ে ছিল। এটিকে দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



