বিশ্বের অন্যতম বৃহ ও সর্বাধিক জনবহুল নগর এলাকা মেক্সিকো সিটি এত দ্রুত ভূমিধসে আক্রান্ত হচ্ছে যে, তা এখন মহাকাশ থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
মঙ্গলবার (৫ মে) আন্তর্জাতিক গণমাধ্যম সায়েন্স অ্যালার্টের প্রকাশিত এক প্রতিবেদনে নাসার শক্তিশালী রাডার প্রযুক্তির নতুন চিত্রের বর্ণনায় বিস্তারিত তুলে ধরা হয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্র অনুসারে, মেক্সিকো সিটি বছরে প্রায় ১০ ইঞ্চি (প্রায় ২৫ সেন্টিমিটার) করে ডুবে যাচ্ছে। ফলে এটি বিশ্বের দ্রুততম অবনমনশীল মহানগরীগুলোর মধ্যে উপরে উঠে এসেছে।
সিএনএন প্রতিবেদন অনুসারে, প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের এই মহানগরটি উচ্চভূমির একটি প্রাচীন হ্রদের ওপর গড়ে উঠেছে। শহরের নিচে থাকা প্রাচীন জলাধার বা অ্যাকুইফার থেকেই নগরীর প্রায় ৬০ শতাংশ পানীয় জলের চাহিদা পূরণ হয়।
সায়েন্স অ্যালার্টের প্রতিবেদন বলছে, বছরের পর বছর অতিরিক্ত পানি উত্তোলনের কারণে এই ভূগর্ভস্থ জলাধার দুর্বল হয়ে পড়েছে, যার ফলে ওপরের মাটি ধীরে ধীরে বসে যাচ্ছে। অতিরিক্ত পানি তোলার কারণে মেক্সিকো সিটিতে দীর্ঘস্থায়ী পানি সংকটও তৈরি হয়েছে। শহরের কলগুলো পুরোপুরি শুকিয়ে যেতে পারে, বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, লাগামহীন নগরায়ণও এই পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। নতুন নতুন অবকাঠামো নির্মাণের ফলে কাদামাটিসমৃদ্ধ মাটির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।
২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে মেক্সিকো সিটির শুষ্ক মৌসুমে, নিসার শহরের মাটির গতিবিধি পর্যবেক্ষণ করে। এতে দেখা যায়, শহরের কিছু অংশ প্রতি মাসে প্রায় শূন্য দশমিক ৮ ইঞ্চি নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ বছরে সাড়ে ৯ ইঞ্চিরও বেশি।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে শহরের প্রধান বিমানবন্দর বেনিতো হুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দর।
শহরের বিখ্যাত ‘অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স’ স্মৃতিস্তম্ভেও এর প্রভাব স্পষ্ট। ১৯১০ সালে মেক্সিকোর স্বাধীনতার ১০০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত ১১৪ ফুট উঁচু এই স্মৃতিস্তম্ভের নিচের ভূমি বসে যাওয়ায় এর ভিত্তিতে অতিরিক্ত ১৪টি সিঁড়ি যোগ করতে হয়েছে।
নিসার বিজ্ঞান দলে থাকা ফ্লেমিশ ইনস্টিটিউট ফর টেকনোলজিক্যাল রিসার্চের প্রকল্প ব্যবস্থাপক ডেভিড বেকার্ট বলেন, “ভূমিধসের ক্ষেত্রে মেক্সিকো সিটি দীর্ঘদিন ধরেই পরিচিত একটি হটস্পট। নিসারের এই ছবিগুলো কেবল শুরু মাত্র। পৃথিবীর নানা প্রান্ত থেকে আরও নতুন নতুন তথ্য পাওয়া যাবে।”
ভূমিধস ছাড়াও নাসার এই স্যাটেলাইট হিমবাহের সরে যাওয়া, ফসলের বৃদ্ধি এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক ঘটনাও পর্যবেক্ষণ করতে পারে।



