Friday, July 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

কলকাতা নিউ মার্কেটে বুলডোজার মিছিল: ভিডিও দেখে গ্রেপ্তার ৮

বুলডোজারের চালক ও মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ

আপডেট : ০৬ মে ২০২৬, ১০:০৪ পিএম

কলকাতার নিউ মার্কেট এলাকায় বুলডোজার নিয়ে মিছিল করার ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ৮ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৬ মে) বিকেলে প্রথমে চার জনকে আটক করা হয়, পরে সন্ধ্যার মধ্যে আরও চার জনকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় একটি রাজনৈতিক দলের বিজয় মিছিলের অনুমতি থাকলেও, মিছিলে বুলডোজার ব্যবহারের কোনও অনুমতি দেওয়া হয়নি। নিয়ম ভেঙেই বুলডোজার আনা হয়েছিল বলে অভিযোগ। সেই কারণেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে বুলডোজারের চালক ও মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এছাড়াও দুপুরে লালবাজারে সাংবাদিক সম্মেলনে অজয় নন্দ স্পষ্টভাবে জানান, কোনও মিছিলে জেসিবি বা বুলডোজার ব্যবহার করা যাবে না। তিনি সতর্ক করে বলেন, “যারা বুলডোজার ভাড়া দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।“

পরে ভবানী ভবন থেকে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্ত একই বার্তা দেন এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা গেছে। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে অভিযোগ করেন, নিউ মার্কেট এলাকায় পুলিশের উপস্থিতিতেই বুলডোজার আনা হয়েছিল এবং তা জয়ের উদ্‌যাপনের অংশ ছিল।

তবে পুলিশের একজন কর্মকর্তা জানান, মিছিলের অনুমতি থাকলেও বুলডোজার ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি এবং ভাঙচুরের কোনও নির্দিষ্ট অভিযোগও পাওয়া যায়নি। বর্তমানে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

   

About

Popular Links

x