যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসা নিয়ে যাওয়া নাগরিকদের “গ্রিন কার্ড” (স্থায়ীভাবে বসবাসের আবেদন) পেতে নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
শুক্রবার (২২ মে) মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ (ইউএসসিআইএস) একটি নতুন নির্দেশনা জারি করেছে।
ইউএসসিআইএসের তত্ত্বাবধায়ক সংস্থা, “মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি” বিভাগ জানিয়েছে, অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি যদি স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে চায়, তাহলে তাকে নিজ দেশের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মার্কিন প্রশাসনের দাবি, আইনি ফাঁকফোকর সংক্রান্ত সুবিধা বন্ধ করতে ও বর্তমান বৈধ অভিবাসনব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এ নীতি নেওয়া হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, অভিবাসন আইন কঠোর করা এবং দেশটিতে দীর্ঘ মেয়াদে বসবাসের সুযোগ সীমিত করার জন্যই এ নীতির মূল উদ্দেশ্য। জানুয়ারি মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করে যে ট্রাম্প আবার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত এক লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে।



