Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মার্কো রুবিও: কয়েক দিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব

ইরানে যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও তিনি এ কথা জানান

আপডেট : ২৬ মে ২০২৬, ১১:৪৩ এএম

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর যুদ্ধবিরতি নিয়ে সংশয় তৈরি হলেও ইরানের সঙ্গে এখনও একটি চুক্তি করা সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।  

মঙ্গলবার (২৬ মে) ভারত সফরকালে জয়পুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “কাতারে কিছু আলোচনা হয়েছে। আমরা দেখব, এতে কোনো অগ্রগতি করা যায় কি না। চুক্তির খসড়া প্রস্তাবের কিছু নির্দিষ্ট শব্দ ও বাক্য নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। তাই বিষয়টি চূড়ান্ত হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।”

খবর বার্তা সংস্থা এএফপি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রুবিও আরও বলেন, “প্রেসিডেন্ট চুক্তিটি করতে আগ্রহী। তিনি হয় একটি ভালো চুক্তি করবেন, না হলে কোনো চুক্তিই করবেন না।”

যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের জ্বালানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান।

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের সমালোচনা করে রুবিও বলেন, “হরমুজ প্রণালি অবশ্যই খোলা থাকতে হবে।”

তিনি আরও বলেন, “একভাবে হোক বা অন্যভাবে, এই নৌপথ খোলা থাকবেই। তাই এটি খোলা রাখা প্রয়োজন। সেখানে যা ঘটছে, তা অবৈধ এবং বিশ্বের জন্য টেকসই নয়। এটি অগ্রহণযোগ্য।”

উল্লেখ্য, যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র গত সোমবার ইরানে নতুন করে বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এ হামলাগুলো ছিল প্রতিরক্ষামূলক অভিযান।  

   

About

Popular Links

x