ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।
বুধবার (২৭ মে) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
ঈদের আগে তেলের দাম বৃদ্ধির এই প্রভাব মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বিভিন্ন দেশের বাজারে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার আশা কমে যাওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা এবং বৈশ্বিক বাজারে অনিশ্চয়তার কারণে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
এর আগে গত মাসের শেষ দিকে সংঘাত এবং হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটায় তেলের দাম ব্যারেলপ্রতি ১২৬ ডলার ছাড়িয়ে যায়। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনায় অনেক ব্যবসায়ী আশাবাদী হয়ে ওঠেন। সে সময় ধারণা করা হচ্ছিল, উপসাগরীয় দেশগুলো আবার স্বাভাবিকভাবে তেল রপ্তানি শুরু করতে পারবে। সেই প্রত্যাশায় সোমবার ব্রেন্ট ক্রুডের দাম নেমে প্রায় ৯৭ ডলারে এসেছিল।
জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এইচএফআই রিসার্চ গত সপ্তাহে জানিয়েছে, তেলের বাজার এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসা কঠিন হতে পারে।
বিশ্লেষকদের মতে, কয়েক সপ্তাহ ধরে সরবরাহে ব্যাঘাত ঘটায় বৈশ্বিক তেল মজুত কমে এসেছে। পাশাপাশি গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম সামনে থাকায় পরিবহন জ্বালানির চাহিদাও বাড়তে পারে, যা বাজারে আরও চাপ তৈরি করছে।



