যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ৮০ বছরে পা রাখলেন। এ উপলক্ষে তিনি হোয়াইট হাউসের দক্ষিণ লনে ব্যতিক্রমধর্মী এক খাঁচাবন্দি লড়াইয়ের আয়োজন করেছে।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ‘ইউএফসি ফ্রিডম ২৫০’ নামের এ নজিরবিহীন আসরে অংশ নিচ্ছেন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) ১৪ জন তারকা যোদ্ধা। “দ্য ক্ল” নামে বিশাল এক অঙ্গনে তারা একে অপরের মুখোমুখি হবেন।
৬ কোটি ডলার ব্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ। একই সঙ্গে দিনটি ট্রাম্পের ৮০তম জন্মদিনও।
সমালোচকেরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে পরিচিত প্রাঙ্গণে এমন সহিংস আয়োজনকে রুচিহীন বলে আখ্যা দিয়েছেন। বিশেষ করে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ আয়োজনকে তারা অনুপযুক্ত বলে মনে করছেন। যদিও ট্রাম্প এ আয়োজনকে অনন্য এক প্রদর্শনী হিসেবে বর্ণনা করেছেন।
নিজের জন্মদিনেই ইরানের সঙ্গে বহু প্রতীক্ষিত শান্তিচুক্তি সম্পন্ন করতে পারেন ট্রাম্প, এমনটি বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, সে খবর অনেকটাই সত্যি হতে যাচ্ছে। ইরানের পক্ষ থেকেই চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর কথা শোনা যাচ্ছে।
৮০ বছরে পদার্পণের সঙ্গে সঙ্গে ট্রাম্পের স্বাস্থ্য নিয়েও নানা প্রশ্ন উঠেছে। হাতের কালশিটে দাগ, পায়ের শিরার সমস্যা এবং বৈঠকে ঘুমঘুম ভাব এমন বেশ কয়েকটি শারীরিক সমস্যা নিয়ে সারাবছরই ট্রাম্প আলোচনায় ছিলেন। যদিও তার ব্যক্তিগত চিকিৎসক দাবি করেছেন, তিনি চমৎকার সুস্থ আছেন। এমনকি ট্রাম্প প্রায়ই নিজের প্রাণশক্তির সঙ্গে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনা করেন। বাইডেন একটি দুর্বল বিতর্ক-প্রদর্শনের পর দ্বিতীয় মেয়াদের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।



