কর্মী নিয়োগ, ভিসা ইস্যু বা শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে ওমান সরকার কোনো ঘোষণা দেয়নি বলে জানিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১২ আগস্ট) মাস্কাটের বাংলাদেশ দূতাবাস ভিসা-সংক্রান্ত সচেতনতামূলক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ বা ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’-এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।
ওই বিজ্ঞপ্তিটি ওমান সরকারের পক্ষ থেকে শ্রমবাজার উন্মুক্ত করার কোনো ঘোষণা নয় বলে নিশ্চিত করেছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আল ধাহিরাহ অঞ্চলে কৃষি শ্রমিকের চাহিদা নিরূপণ করে প্রয়োজন হলে কেবল ওই অঞ্চলের কৃষিকাজের জন্য সীমিত পরিসরে ভিসা অনুমোদনের বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ পর্যায়ে কর্মী নিয়োগ, ভিসা ইস্যু বা শ্রমবাজার উন্মুক্ত করার কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এ ধরনের প্রচারণায় বিশ্বাস করে কোনো ব্যক্তি, সুবিধাভোগী বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ওমানে কর্মসংস্থান ও ভিসা-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য- বাংলাদেশ দূতাবাস, মাস্কাট, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং ওমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সূত্র থেকে যাচাই করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
গুজবে কান না দিয়ে সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস।



