Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তানে জার্মান কূটনীতিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

উচ্চ নিরাপত্তা সম্পন্ন নিজ বাসভবনে কূটনীতিকের মৃতদেহ পাওয়া যায়

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৩:২৪ পিএম

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জার্মানির এক কূটনীতিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) ইসলামাবাদের কূটনৈতিক এলাকা কারাকোরাম হাইটসে অবস্থিত তার বাসভবন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী টমাস জার্গেন বিলেফেল্ড (৫৮) জার্মান দূতাবাসের দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাকোরাম হাইটাসে নিজ বাসভবনে চোখ, নাক ও মুখে রক্তাক্ত অবস্থায় টমাসের মৃতদেহ পাওয়া যায়।

পাকিস্তান পুলিশ জানিয়েছে, গত সোমবার অফিসে আসেননি টমাস। এরপর দূতাবাস থেকে ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দূতাবাস থেকে একজন কর্মীকে টমাসের বাসভবনে পাঠানো হয়। তবে বাসভবনে পৌঁছালে বাড়ির ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।

এরপর জার্মান দূতাবাসের কর্মকর্তারা ওই বাসভবনে যান এবং তালা ভেঙে ভেতরে ঢুকেন। সেইসময় টমাসকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর দূতাবাস থেকে পুলিশকে জানানো হলে টমাসের মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই কূটনীতিক এর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি কখন মারা গেছেন, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

এদিকে, এ ঘটনার পর জার্মান দূতাবাস পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। এছাড়া ঘটনার পর আশেপাশের পরিস্থিতি জানার জন্য আরও তদন্ত চলছে। ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, টমাস গত শনিবার রাত ৭টা ৪৪ মিনিটে শেষবারের মতো হোয়াটস অ্যাপ ব্যবহার করেছেন।

এই ঘটনার জার্মান দূতাবাসের মুখপাত্রের কাছে এবিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

   

About

Popular Links

x