ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াতে নতুন বহুজাতিক ড্রোন টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ‘ফ্যালকন স্ট্রাইক টাস্কফোর্স’ নামে এই ইউনিটটি সমুদ্রপথ, সমুদ্রের ওপর এবং সমুদ্রের নিচে একমুখী আক্রমণকারী ড্রোন মোতায়েন করবে।
শুক্রবার (১৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, নতুন টাস্কফোর্সে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আঞ্চলিক অংশীদার দেশগুলোর সামরিক সদস্যরা কাজ করবেন। এটি প্রথমবারের মতো গঠিত বহুমুখী ও বহুজাতিক একমুখী আক্রমণকারী ড্রোন ইউনিট।
এর আগে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো বিশেষায়িত একমুখী আক্রমণকারী ড্রোন স্কোয়াড্রন গঠন করেছিল মার্কিন সামরিক বাহিনী। ‘স্করপিয়ন স্ট্রাইক টাস্কফোর্স’ প্রতিষ্ঠার প্রায় নয় মাস পর নতুন ‘ফ্যালকন স্ট্রাইক টাস্কফোর্স’ গঠন করা হলো।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘‘আঞ্চলিক মিত্র ও অংশীদারদের উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে নতুন টাস্কফোর্সটি স্করপিয়ন স্ট্রাইকের সাফল্যকে আরও বিস্তৃত করবে।’’ এর মাধ্যমে নতুন সামরিক সক্ষমতাগুলোকে সমন্বিতভাবে মোতায়েনের সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।
এদিকে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ‘‘ইরানের ওপর এমন অর্থনৈতিক বিচ্ছিন্নতা আরোপের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যার নজির বিশ্ব আগে দেখেনি।’’
নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘‘আগামী সপ্তাহে এ বিষয়ে আরও ঘোষণা আসতে পারে।’’ তিনি দাবি করেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত থাকবে। এর ফলে ইরানের বন্দর দিয়ে পণ্য ও অন্যান্য সামগ্রী প্রবেশ ও বের হওয়ার ওপরও প্রভাব পড়বে বলে জানান তিনি।



