ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি ৬ তলা ভবন ধসে পড়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ১০-১৫ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ভবন ধসে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১টা ৩৩ মিনিটে প্রথম ভবন ধসের খবর পাওয়া যায়। উদ্ধারকাজ পরিচালনার জন্য ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি গাড়ি মোতায়েন করা হয়।
প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ কেউ বলছেন, ওই ভবনটি শিশুদের হোস্টেল ছিল। এতে অন্তত ৫০ জনের মতো শিশু ছিল। রবিবার হওয়ায় এদের বেশিরভাগই, বাড়িতে ছিলেন বলেও ধারণা তাদের।
আবার অনেকেই ধসে পড়া ভবনটিকে ‘হোস্টেল ডেজ’ নামের পুরুষদের একটি পিজি (পেয়িং গেস্ট) হিসেবে বর্ণনা করেছেন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে এগিয়ে যান। উদ্ধারকারী দল ও যন্ত্রপাতি পুরোপুরি পৌঁছানোর আগেই ধ্বংসস্তূপের খোঁড়াখুঁড়ির বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে।



