Saturday, October 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

দিল্লিজুড়ে ব্যাপক ধরপাকড়, আটক অন্তত ৫ হাজার

দ্য হিন্দুর একটি প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পিএম

ভারতের রাজধানী দিল্লিজুড়ে ধরপাকড় চালিয়ে অন্তত পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, ছাত্রনেতা নেহা বোরাও, ইউটিউবার ধ্রুব রাঠি এবং চারজন সাবেক মুখ্যমন্ত্রী- মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, মানিক সরকার ও পিনারাই বিজয়ন।

শনিবার (১০ অক্টোবর) দ্য হিন্দুর একটি প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

কোনো ধরনের উসকানি ছাড়াই সংগঠনটির শীর্ষ নেতাদের আটক করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে দিল্লির নির্দিষ্ট কিছু এলাকায় ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলোও। কার্যত লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানী দিল্লিতে। বিক্ষোভ কর্মসূচি বানচাল করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং ভোটার নিবন্ধনের ফরম ৬-সংক্রান্ত পরিবর্তনের সময় ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি।

সিজেপির দাবি, শনিবারের বিক্ষোভের আগে ভারতের রাজধানীসহ বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। দলের অভিযোগ, শীর্ষ নেতাদের পাশাপাশি কর্মী-সমর্থকদেরও আটক করছে পুলিশ।

বিক্ষোভ ঘিরে দেশটিতে শত শত ট্রেনের চলাচল বাতিল এবং বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লিতে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দেরিতে আবেদন জমা দেওয়া এবং আগের বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের অভিযোগে সিজেপির কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। পুলিশের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভের মাত্র তিন দিন আগে, গত ৭ অক্টোবর অনুমতির আবেদন জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, এ ধরনের আবেদন অন্তত ১০ দিন আগে জমা দিতে হয়।

   

About

Popular Links

x