Friday, November 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইউরোপের ১০ দেশের সুপারমার্কেটের ফ্রিজারে সাইবার হামলা

পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম

ইউরোপের অন্তত ১০টি দেশের সুপারমার্কেটের হিমাগার ও ফ্রিজিং ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ।

বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মানি ও সুইডেনের সুপারমার্কেটগুলোতে এসব হামলার ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি দেশের দোকানে ফ্রিজারের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় বিক্রেতাদের সংরক্ষিত খাবার ফেলে দিতে হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছেছে।

তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এসব সাইবার হামলার দায় স্বীকার করেনি।

এর আগে, প্রায় তিন সপ্তাহ আগে ফ্রান্সে একই ধরনের সাইবার হামলায় প্রায় ৭০০টি মুদি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় কয়েক কোটি ইউরোর খাদ্যপণ্য নষ্ট হয়েছে বলে ধারণা করা হয়।

সাম্প্রতিক ঘটনাগুলোয় শুধু ফ্রিজিং ব্যবস্থা নয়, দূর থেকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায় এমন অন্যান্য যন্ত্রের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি সরকার-সমর্থিত হাইব্রিড হামলার আশঙ্কাও বাড়ছে।

ইউরোপীয় ইউনিয়নের খাদ্য ও কৃষিবিষয়ক কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন বলেছেন, জোটটি সাম্প্রতিক ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

ইউরোপীয় কমিশনের মুখপাত্র টমাস রেগনিয়ারের ভাষ্য, এসব ঘটনা আবারও দেখিয়েছে, সাইবার হামলার মাধ্যমে কীভাবে জরুরি পরিষেবা ব্যাহত এবং মানুষের দৈনন্দিন জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি বলেন, “ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। এ ধরনের সাইবার হামলা মোকাবিলায় সম্মিলিতভাবে প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানো প্রয়োজন।”

ইতালিতে প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকার গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছে, দেশটিতে হামলার প্রভাব এখন পর্যন্ত সীমিত। খাদ্য সরবরাহ ব্যবস্থার বড় একটি অংশে এ ধরনের আক্রমণ প্রতিরোধের উপযোগী উন্নত নিরাপত্তাব্যবস্থা রয়েছে।

তবে দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, সিসিলির অন্তত চারটি কো-অপারেটিভ সুপারমার্কেট এবং তাসকানির একটি ব্যবসাপ্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে।

মেলোনির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই পুরোনো নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করছিল। এসব ব্যবস্থার ইন্টারফেস সরাসরি ইন্টারনেটের সঙ্গে যুক্ত ছিল এবং ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের ব্যবস্থাও ছিল অপর্যাপ্ত।

সাম্প্রতিক হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বেলজিয়াম। দেশটির কয়েক ডজন সুপারমার্কেটে হিমায়ন ব্যবস্থা অচল হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছেন ফেডারেল প্রসিকিউটররা।

বেলজিয়ামের সুপারমার্কেট চেইন ডেলহাইজের ব্যবস্থাপক ম্যাথিউ টিলম্যান জানান, এ ধরনের হামলার ঘটনায় তিনি হতবাক। এত খাবার ফেলে দিতে হওয়ায় বিষয়টি তার জন্য অত্যন্ত কষ্টের বলেও জানান তিনি।

আয়ারল্যান্ডে সুপারভ্যালু চেইনের ১৩টি দোকান সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক মাসগ্রেভ গ্রুপ ঘটনাটিকে বড় ধরনের ঘটনা হিসেবে উল্লেখ করেছে। গত সোমবার প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে শীতল ও হিমায়িত পণ্যের মজুত আবার পূরণ করার কাজ পুরোদমে চলছে।

নেদারল্যান্ডসের কয়েকটি ছোট পাড়ার দোকানও হামলার শিকার হয়েছে। এর আগে গত মাসে পৃথক এক সাইবার হামলার কারণে দেশটির সুপারমার্কেট চেইন অ্যালবার্ট হেইনকে বেশ কয়েকটি সেবা বন্ধ রাখতে হয়েছিল।

পশ্চিম জার্মানির রেভে বুস্কেন সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থায়ও বিঘ্ন ঘটে। সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান ড্যানফস বিবিসিকে জানিয়েছে, তাদের ওপর সাইবার হামলার কারণে এ সমস্যা তৈরি হয়েছিল। সোমবার বিকেল থেকে যান্ত্রিক ত্রুটি মেরামতের পর দোকানগুলো আবার চালু করা হয়েছে।

পর্তুগালের মোস্কেতেইরোস গ্রুপ জানিয়েছে, তাদের সাতটি ইন্টারমার্শে দোকানে সমস্যার সঙ্গে সাইবার হামলার সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, রেফ্রিজারেশন ব্যবস্থা পরিচালনার দায়িত্বে থাকা একটি বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালানো হয়ে থাকতে পারে।

সুইডেনের সুপারমার্কেট চেইন আইসিএ সরাসরি সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে তাদের সীমিতসংখ্যক দোকানে হিমায়ন ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে। দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাটি পর্যবেক্ষণ করছে।

ফিনল্যান্ডে কেস্কো গ্রুপের মালিকানাধীন কয়েকটি ছোট মুদি দোকানে অস্বাভাবিক তাপমাত্রা শনাক্ত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি।

এস্তোনিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম ইআরআরের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অন্তত একটি সুপারমার্কেট হ্যাকারদের হামলার শিকার হয়েছে। এতে ফ্রিজিং ইউনিটের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল।

এদিকে যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার দেশটির খুচরা বিক্রেতাদের ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থার সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ দিয়েছে।

সংস্থাটি সতর্ক করেছে, আগামী দুই বছরের মধ্যে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর সাইবার হামলার শিকার হতে পারে।

সংস্থাটির প্রধান রিচার্ড হর্ন বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে বলেন, “যুক্তরাজ্যে সাইবার হামলার পর কয়েকটি ঘটনায় দুর্বল প্রযুক্তির অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এসব ঘটনার পূর্ণাঙ্গ প্রভাব সম্পর্কে এখনো জানা যায়নি। তবে যেসব প্রতিষ্ঠানের প্রযুক্তিতে দুর্বলতা রয়েছে, তাদের সঙ্গে কাজ করছে সংস্থাটি।”

ব্রিটিশ সুপারমার্কেট কিংবা একই ব্র্যান্ড বা মডেলের ফ্রিজারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে হর্ন বলেন, “বিষয়টি শুধু সুপারমার্কেটের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পুরো খাদ্য সরবরাহব্যবস্থাজুড়েই এর প্রভাব রয়েছে। যেসব প্রতিষ্ঠানের প্রযুক্তিতে নিরাপত্তাঝুঁকি রয়েছে, সেগুলো শনাক্ত করে সতর্ক করতে সংস্থাটি রাতভর কাজ করছে।

   

About

Popular Links

x