Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডব্লিউএইচও: ডেল্টার মতো বিপজ্জনক না হলেও ওমিক্রন মৃদু নয়

ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক সংবাদ সম্মেলনে এ নিয়ে সতর্ক করেন

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৬:৪২ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনকে কম ঝুঁকিপূর্ণ মনে করার কোনো কারণ নেই। ওমিক্রনে আক্রান্ত হয়েও মানুষ মারা যাচ্ছেন বলে সতর্ক করেছে তারা।

শুক্রবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বৃহস্পতিবার ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক সংবাদ সম্মেলনে এ নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, “ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের ডেল্টা ধরনের তুলনায় বিপজ্জনক না হলেও ওমিক্রন ভ্যারিয়েন্টকে মৃদু ভাবার কোনো কারণ নেই। বিশেষ করে টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য। যারা ইতোমধ্যেই টিকা নিয়েছেন তাদের ক্ষেত্রে ডেল্টার তুলনায় ওমিক্রন কম ক্ষতিকারক হিসেবে দেখা দিলেও ভ্যারিয়েন্টটিকে মোটেই মৃদু হিসেবে চিহ্নিত করা যায় না।”

সম্প্রতি বিশ্বজুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বিশ্বজুড়ে প্রায় ৯৫ লাখ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। এটি রেকর্ড সংখ্যক। গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা ৭১% বেশি। এত দিন বিশেষজ্ঞরা বলে আসছেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ডেলটার চেয়ে বেশি সংক্রামক হলেও তা কম প্রাণঘাতী।

আধানোম গেব্রেয়াসুস আরও বলেন, “অন্য ভ্যারিয়েন্টদের মতো ওমিক্রনও মানুষকে হাসপাতালে যেতে বাধ্য করছে, এমনকি মানুষ মারাও যাচ্ছে। আসলে এতো তাড়াতাড়ি এবং বিশাল সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন যে বিশ্বব্যাপী স্বাস্থ্য অবকাঠামোর ওপর চাপ বাড়ছে।”

   

About

Popular Links

x