গত ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শিতৌকা ইনস্টিটিউশনে অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাঘাতের শিকার হন ৭৫ বছর বয়সী প্রখ্যাত লেখক সালমান রুশদি। এ ঘটনায় হাদি মাতার (২৪) নামে নিউ জার্সির এক বাসিন্দাকে আটক করে স্থানীয় পুলিশ।
শুক্রবার (১৯ আগস্ট) সালমান রুশদির ছুরিকাঘাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিউইয়র্কের পাবলিক লাইব্রেরির সামনে সমাবেশ হয়েছে। সমাবেশে প্রায় ৪০০ জন মানুষ অংশ নেয়। অলাভজনক সংস্থা “ফ্রি এক্সপ্রেশন” ও “হিউম্যান রাইটস গ্রুপ” অনুষ্ঠানটির পৃষ্টপোষকতা দিয়েছে।
সমাবেশে আইরিশ ঔপন্যাসিক কলাম ম্যাকক্যান, ব্রিটিশ লেখক হরি কুনজরু রুশদির লেখা পড়ে শোনান। বক্তারা বলেন, “স্বাধীনতার প্রতি আমাদের আস্থা হারিয়ে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে আমরা স্বাধীন নই। ভয় কাজ করে।”
পেন আমেরিকার প্রধান বলেন, “এই সমাবেশ জেগে ওঠার একটা আহ্বান। রুশদির মতো লেখকেরা যারা নির্ভীক, তারা যা দেখেন, লেখেন। যারা সত্যকে বলতে ভয় পান না, তারা সত্যিই বিপদে আছেন।”
সালমান রুশদি/ সংগৃহীতসমাবেশে অনেক লেখক তাদের হুমকির কথা জানান। রুশদিকে সমর্থন জানানোয় অনেক লেখকের ব্যক্তিগত যোগাযোগ নম্বর অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
নিরাপত্তা শঙ্কার কথা ভেবে সমাবেশে অনেক লেখক আসেননি বলে জানান আয়োজকেরা। প্রসঙ্গত, চলতি সপ্তাহে স্কটল্যান্ডের পুলিশ জানিয়েছে, “হ্যারি পটার” সিরিজের লেখক জে কে রাউলিংকে হুমকি দেওয়া হয়েছে। রাউলিং রুশদির আক্রান্তের খবরে উদ্বেগ প্রকাশ করে একটি টুইট করার পর এই হুমকি দেওয়া হয়।
এর আগে হামলাকারী হাদি মাতার নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি রুশদির লেখা বই পড়িনি। ‘স্যাটানিক ভার্সেসের’ কয়েকটা পাতা পড়েছি। আমি তাকে একদম পছন্দ করি না। আমার মতে, তিনি ভালো মানুষ নন। তিনি ইসলামকে আক্রমণ করেছেন, ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাসে আঘাত করেছেন।”
১৯৮৮ সালে প্রকাশিত রুশদির চতুর্থ উপন্যাস “স্যাটানিক ভার্সেস” বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দেয়। এর পরের বছর অর্থাৎ ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি এই লেখকের মৃত্যুদণ্ডের ফতোয়া ঘোষণা করেন। সেসময় রুশদির মাথার দাম ঘোষণা করা হয় ৩০ লাখ ডলার। ইরানের সেই ঘোষণা এখনো বহাল আছে।
উল্লেখ্য, সালমান রুশদির জন্ম ১৯৪৭ সালে মুম্বাইয়ে এক কাশ্মিরি মুসলিম পরিবারে, ভারত ভাগের ঠিক আগে আগে। ১৯৮১ সালে তার দ্বিতীয় উপন্যাস “মিডনাইটস চিলড্রেন” প্রকাশিত হলে লেখক হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। শুধু যুক্তরাজ্যেই বইটির ১০ লাখ কপি বিক্রি হয়।
বিস্তারিত পড়ুন- Safety concerns loom as writers show public support for Rushdie



