Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

তরুণীর ভিডিও কলের ফাঁদে ৬৮ বছরের বৃদ্ধ, খোয়ালেন সাড়ে ৩ কোটি টাকা

গত বছরের ৮ আগস্ট রিয়া শর্মার ভিডিও কল পান ভুক্তভোগী ব্যবসায়ী। ভিডিও কল চলাকালে ওই ব্যবসায়ীকে বিবস্ত্র হতে রাজি করান ওই তরুণী। হঠাৎ করেই তিনি কলটি কেটে দেন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০১:৩১ পিএম

ভারতের গুজরাটের এক ব্যবসায়ীকে রিয়া শর্মা নামে এক তরুণী ভিডিও কল দিয়ে “ভার্চুয়াল সেক্সের” প্রস্তাব দেন। এমন প্রস্তাবের ফাঁদে পড়ে ওই ব্যবসায়ী গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা খুঁইয়েছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, গত মঙ্গলবার ভুক্তভোগী ব্যবসায়ী ভারতের সাইবার অপরাধ বিভাগে ১১ জনের বিরুদ্ধে ৩ কোটি ৪২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ করেছেন।

পুলিশ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৮ আগস্ট রাজ্যের মরবি জেলার বাসিন্দা রিয়া শর্মার ভিডিও কল পান ভুক্তভোগী ব্যবসায়ী। ভিডিও কল চলাকালে ওই ব্যবসায়ীকে বিবস্ত্র হতে রাজি করান ওই তরুণী। হঠাৎ করেই তিনি কলটি কেটে দেন। এরপর ভুক্তভোগী ব্যবসায়ীর কাছে ৫০ হাজার রুপি দাবি করেন ওই তরুণী। অন্যথায় তার বিবস্ত্র ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। 

কয়েক দিন পর ভুক্তভোগী ব্যবসায়ীকে ফোন দেন অন্য এক ব্যক্তি। ওই ব্যক্তি নিজেকে দিল্লি পুলিশের পরিদর্শক গুড্ডু শর্মা বলে দাবি করেন। তার হাতে ওই ভিডিও ক্লিপ আছে জানিয়ে ব্যবসায়ীর কাছে তিন লাখ রুপি দাবি করেন।

এরপর ১৪ আগস্ট আরেক ব্যক্তি ওই ব্যবসায়ীকে ফোন দিয়ে নিজেকে দিল্লি পুলিশের সাইবার সেলের সদস্য হিসেবে পরিচয় দেন। তিনি ৮০ লাখ ৯৭ হাজার রুপি দাবি করেন এবং জানান, ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন।

পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে আরও জানানো হয়, ওই ব্যবসায়ী এসব অর্থ পরিশোধ করেন। এরপর ভুক্তভোগী ব্যবসায়ীকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) কর্মকর্তা পরিচয়ে এক ব্যক্তি ফোন করেন। তিনি মামলাটি মীমাংসা করে দিতে ৮ লাখ ৫০ হাজার রুপি দাবি করেন। বলেন, ওই তরুণীর মা কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে গেছেন।

ওই ব্যবসায়ীকে দিল্লি হাইকোর্টের নামে একটি ভুয়া আদেশ দেখিয়ে মামলাটির কার্যক্রম বন্ধ করার কথা জানানো হয়। ১৫ ডিসেম্বর পর্যন্ত অর্থ দেওয়া অব্যাহত রেখেছিলেন ওই ব্যবসায়ী। তবে একপর্যায়ে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় তার। এরপরেই তিনি গত মঙ্গলবার এই অভিযোগ করেন।

   

About

Popular Links

x