লিবিয়া থেকে অবৈধপথে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১৭ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) তাদের উদ্ধার করে নিজেদের উপকূলে নিয়েছে ইতালি কর্তৃপক্ষ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, উদ্ধার হওয়া ১৭ জন অভিবাসনপ্রত্যাশীর সবাই বাংলাদেশি নাগরিক। তাদের সিসিলির শহর পোজালোতে রাখা হয়েছে।
অভিবাসীবাহী কোনো নৌকা বিপদে পড়লে দাতব্য সংস্থা অ্যালার্ম ফোনের কাছে সংকেত পাঠিয়ে থাকে।
অ্যালার্ম ফোনের দাবি, শনিবার নৌকাটি বিপদে পড়েছে বলে জানানোর পরও ইতালি কর্তৃপক্ষ সময়মতো সেখানে তাদের কোস্টগার্ডকে পাঠায়নি।
রবিবার সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, স্পষ্টত, ইতালি কর্তৃপক্ষ চেষ্টা করছিল যে ওই মানুষদের ইতালিতে না নিতে হয়। এ জন্য তারা দেরি করছিল।
তারা চাইছিল লিবিয়ার কর্তৃপক্ষ যেন ঘটনাস্থলে যায় এবং ওই মানুষদের লিবিয়ায় ফিরিয়ে নিতে বাধ্য হয়।
ইতালির কোস্টগার্ড বলেছে, নৌকাটি যেখানে ডুবেছে, তা তাদের আওতাভুক্ত এলাকা নয়।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, নৌকাটি ডুবে যাওয়া ঠেকাতে সাধ্যমতো ব্যবস্থা নিয়েছে রোম।
এ বছর এই পর্যন্ত ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন।
২০২২ সালের একই সময়ে এ সংখ্যা ৬ হাজার ১৫০ জন ছিল।



