জাপানের প্রথমবারের মতো মুখে খাওয়ার গর্ভপাতের পিল বিক্রির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে জাপানে এখন থেকে অন্তঃসত্ত্বা হওয়ার প্রাথমিক পর্যায়ে এই বড়ি ব্যবহার করা যাবে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মাধ্যম দ্য গার্ডিয়ান।
জাপানে ২২ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত বৈধ। তবে এ ক্ষেত্রে সঙ্গীর সম্মতি নিতে হয়। এত দিন পর্যন্ত অস্ত্রোপচারই ছিল গর্ভপাতের একমাত্র উপায়।
শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে স্বাস্থ্যসেবা কর্মকর্তাদের জানিয়েছে, লাইনফার্মার তৈরি একটি গর্ভপাত বড়ির অনুমোদন দেওয়া হয়েছে।
লাইনফার্মা একটি ব্রিটিশ কোম্পানি। তারা গর্ভপাতের বড়ি মিফেপ্রিস্টোন ও মিসোপ্রোস্টলের অনুমোদনের জন্য ২০২১ সালের ডিসেম্বরে জাপানে আবেদন করেছিল। একই ধরনের গর্ভপাতের বড়ি ফ্রান্স ১৯৮৮ সালে অনুমোদন দিয়েছে এবং যুক্তরাষ্ট্র ২০০০ সালে অনুমোদন দেয়।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, এক ব্যক্তিকে গর্ভপাতের বড়ি ও যাবতীয় চিকিৎসার জন্য এক লাখ ইয়েন খরচ করতে হবে। অন্যদিকে অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভপাতের জন্য প্রায় ২ লাখ ইয়েন খরচ হয়। কারণ গর্ভপাত জাপানে জনস্বাস্থ্য বিমার আওতায় পড়ে না।
এনএইচকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চিকিৎসকের অনুমোদন ছাড়া জাপানে কেউ জরুরি গর্ভনিরোধক বড়ি কিনতে পারবেন না। কালোবাজারে বিক্রি হওয়া বন্ধ করার জন্য এটিই একমাত্র ওষুধ, যা ফার্মাসিস্টের সামনে নিতে হবে।



