রুমমেটের মুখ সুঁই-সুতা দিয়ে সেলাই করে দেওয়ার অভিযোগে জাপানের এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অভিযুক্ত ৪৯ বছর বয়সী মাসাই সাকুরাইকে সোমবার টোকিওর দক্ষিণ-পূর্বাঞ্চলের কোগা শহর থেকে আটক করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট এর প্রতিবেদনে বলা হয়, সাকুরাই তার ৪২ বছর বয়সী রুমমেটের মুখ সুঁই ও সুতা দিয়ে সেলাই করে দেন। এতে ভুক্তভোগী নারী কথা বলতে ও স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করতে পারছিলেন না।
পুলিশের তথ্যমতে, ২৯ জুন স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এমন নৃশংস কাজ করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্ত অভিযোগ স্বীকার করেছেন কি না, সে বিষয়েও পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
ঘটনার পরদিন অভিযুক্ত বাসায় না থাকার সুযোগে ভুক্তভোগী নারী পালিয়ে নিকটস্থ একটি দোকানে আশ্রয় নেন। মুখে মাস্ক পরা অবস্থায় তিনি দোকানের এক কর্মচারীর হাতে “দয়া করে আমাকে সাহায্য করুন” লেখা একটি চিরকুট তুলে দেন। বিষয়টি বুঝতে পেরে ওই কর্মচারী দ্রুত পুলিশকে খবর দেন।
জাপানি সংবাদমাধ্যম কিয়োডো নিউজ জানিয়েছে, ২০২৫ সালের এপ্রিল থেকে ওই দুই নারী একই বাসায় একসঙ্গে বসবাস করছিলেন। ঘটনার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।



