খুলনা জেলা কারাগারের দেয়াল টপকে পালিয়ে যাওয়া সেই আসামি ইমন মাঝিকে (৩০) দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে এ আসামি পালিয়ে যায়। এরপর কারারক্ষীরাই তৎপর হয়ে লবণচরা এলাকা থেকে পৌনে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করে। রাত সাড়ে ৮টার দিকে তাকে কারাগারে নেওয়া হয়।
খুলনা কারাগারের সুপার মো. আবু সায়েম জানান, আসামি ইমনের বাসা মহানগরীর লবণচরা এলাকায়। ইমন পালিয়ে যাওয়ার পর কারারক্ষীরা লবণচরা এলাকায় যায়। সে বাসায় প্রবেশের আগেই কারারক্ষীরা তাকে ধরে ফেলে।
তিনি আরও জানান, মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার একটি চুরির মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৩ জুন থেকে ইমন কারাগারে রয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে খুলনা আইনজীবী সমিতি সংলগ্ন পুরাতন জেলা কারাগারের পূর্ব দিকের দেওয়াল টপকে পালিয়ে যায় ইমন। সে মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা মোড়ের একটি বাসায় ভাড়া থাকে।
কারা সুপার বলেন, ইমন কারাগারের শিবসায় অবস্থান করছিল। বৃহস্পতিবার বিকেলে সে শিবসার বাথরুমের ছাদে ওঠে। এ সময় কারারক্ষীরা তাকে দেখে ফেলে এবং নেমে আসতে বলে। কিন্তু এরপর সে মহিলা কয়েদিদের ভবনের ছাদে চলে যায়। কারারক্ষীরা তাকে ধরতে তৎপর হয়। কিন্তু ইমন ওই ছাদ থেকে লাফিয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালালো আসামি