Wednesday, August 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাবার উপর আক্রোশ থেকেই শিশু ছেলেকে শ্বাসরোধে হত্যা

পুলিশ জানায়, সাভারের ঘটনায় ওই শিশুর মুখ ও নাক স্কচ টেপ পেঁচিয়ে বন্ধ করে দেওয়া হয়

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম

সাভারের আশুলিয়ায় বাবার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ও আক্রোশ থেকেই পাঁচ বছরের শিশুকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত সাইফুল ইসলামকে (২৭) গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

ঘটনার বিবরণ দিয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম বলেন, “ওই শিশুর বাবার সঙ্গে আসামি সাইফুল ইসলামের পূর্ব থেকে পরিচয় ছিল। একসঙ্গে চলাফেরা করতে গিয়ে তাদের মধ্যে ব্যক্তিগত আক্রোশ তৈরি হয়। মূলত সেই আক্রোশ থেকেই অন স্পটে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।”

হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কর্মকর্তা আরও বলেন, “আসামির দেওয়া তথ্য ও ঘরের আলামত বিশ্লেষণ করে আমরা জানতে পারি বাচ্চাটার মুখের ভেতরে চাল ভরে দেওয়া হয়েছিল। এরপর স্কচ টেপ দিয়ে মুখ ও নাক পেঁচিয়ে দেওয়া হয়। তদন্তের সময় আসামির ঘর থেকে স্কচ টেপ, ইলাস্টিক ও চাল উদ্ধার করা হয়। যা হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতের সঙ্গে মিলে যায়।”

তিনি আরও বলেন, “আসামি সাইফুল ইসলামকে দুই দফায় দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে সাইফুল ইসলাম বিজ্ঞ আদালতে হাজির হয়ে শিশুকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় প্রাথমিক তদন্তে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি।”

প্রসঙ্গত. গত ১৯ আগস্ট সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইল পশ্চিমপাড়ার ৩ তলা ভবনের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহত শিশুর বাবা শহিদ মিয়া বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। সেদিন সেই বাসা থেকে পরিবারের অভিযোগে সাইফুল ইসলাম (২৭) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

   

About

Popular Links

x