“কিউই” পাখির সঙ্গে দুর্ব্যবহার করার ঘটনায় ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্রের মিয়ামি চিড়িয়াখানার কর্তৃপক্ষ।
সম্প্রতি একটি নিশাচর পাখিকে আলো দেখান এক অতিথি। এতে বিরক্তি প্রকাশ করে পাখিটি।
এ নিয়ে সমালোচনা হলে ক্ষমা চায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মিয়ামি চিড়িয়াখানা বলেছে, “কিউই পাখি ও চিড়িয়াখানায় আসা অতিথিদের মধ্যে ঘটা এই ঘটনায় তারা গভীরভাবে দুঃখিত।”
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন অতিথি পাখিটিকে আলোর মধ্যে নিয়ে যাচ্ছিল। যার ফলে পাখিটিকে খুবই উত্তেজিত হতে দেখা যায়।
চিড়িয়াখানার একজন মুখপাত্র বলেছেন, “পাখিটিকে টাকার বিনিময়ে হাতে নেওয়া যায়। এটি সঠিক ছিল না।”
চিড়িয়াখানার যোগাযোগ পরিচালক রন ম্যাগিল বলেন, “আমরা কথা দিচ্ছি যে, জনসাধারণ আর কখনোই পাখিটিকে স্পর্শ করতে পারবে না।”
এই ঘটনার পরপরই চিড়িয়াখানা কর্তৃপক্ষ টাকার বিনিময়ে কিউই পাখিকে স্পর্শ করার এনকাউন্টারটি বন্ধ করে দিয়েছে।
একটি প্রজনন কর্মসূচির অংশ হিসেবে ২০১৯ সালে মিয়ামিতে পাখিটিকে আনা হয়েছিল। কিউই প্রজাতির টিকে থাকা নিশ্চিত করতেই পাখিটিকে আনা হয়।
অন্যদিকে, পাখিটিকে আলোর মধ্যে বিরক্ত করার ভিডিও ভাইরাল হলে তা নিউজিল্যান্ডের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। কিউই পাখি নিউজিল্যান্ডের প্রাকৃতিক ঐতিহ্যের প্রতীক।



