Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

এরই মধ্যে তেহরান জানিয়েছে, তারা আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিচ্ছে

আপডেট : ২১ জুন ২০২৬, ০১:১১ পিএম

মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে সুইজারল্যান্ডে নতুন করে আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরান।

রবিবার (২১ জুন) শুরু হতে যাওয়া আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কয়েক ঘণ্টা আগেই ইরানি আলোচকরা সুইজারল্যান্ডের আয়োজক শহরে পৌঁছেছেন। 

এরই মধ্যে তেহরান জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলার জেরে তারা আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিচ্ছে।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসান নিয়ে নতুন আলোচনার জন্য ইরানি আলোচকদের সঙ্গে দেখা করতে সুইজারল্যান্ড পৌঁছেছেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ইউরোপগামী ফ্লাইটে ওঠার আগে ভ্যান্স সাংবাদিকদের বলেন, “তিনি আশা করেন 'পারমাণবিক ইস্যুতে অগ্রগতি হবে, লেবানন যুদ্ধবিরতি ইস্যুতেও অগ্রগতি হবে। আমার মনে হয়, এই দুটিই প্রধান বিষয় যার ওপর আমরা মনোযোগ দেবো।”

শুক্রবার সুইজারল্যান্ডে পরবর্তী আলোচনার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু যুদ্ধে চারজন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর লেবাননে ইসরাইল প্রাণঘাতী হামলা চালালে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।

শুক্রবার পরে ওয়াশিংটন সেখানে নতুন করে যুদ্ধবিরতি ঘোষণা করে-যা ইরানের সঙ্গে তাদের প্রাথমিক চুক্তির একটি শর্ত ছিল-কিন্তু শনিবার ইসরায়েলি সেনারা হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে।

যুক্তরাষ্ট্রের “চুক্তি লঙ্ঘন” এবং “দক্ষিণ লেবাননে ক্রমাগত ও নিরলসভাবে জায়নবাদী রজিমের যুদ্ধবিরতি লঙ্ঘনের” কথা উল্লেখ করে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড বলেছে, “হরমুজ প্রণালী নৌচলাচলের জন্য বন্ধ করে দেওয়া হবে।”

তেল ও গ্যাস পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজকে যুদ্ধের বেশিরভাগ সময় ধরে ইরান অবরোধ করে রেখেছিল, যা বিশ্বব্যাপী জ্বালানি বাজারে তীব্র আলোড়ন সৃষ্টি করে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ইরানি প্রতিপক্ষ মাসুদ পেজেশকিয়ানের মধ্যে স্বাক্ষরিত প্রাথমিক চুক্তির অধীনে তেহরান এটি পুনরায় চালু করতে সম্মত হয়েছিল এবং জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করেছিল।

ইরানের ঘোষণার পর মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে যে আন্তর্জাতিক জলপথে নিরাপদ চলাচল “অক্ষুণ্ন রয়েছে” এবং মার্কিন বাহিনী “উপস্থিত ও সতর্ক” রয়েছে।

ট্রাম্প পরে সতর্ক করে দেন যে, আলোচকরা চুক্তিটি সম্পন্ন করতে ব্যর্থ হলে ওয়াশিংটন হরমুজে নিজস্ব শুল্ক আরোপ করতে পারে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, “যদি না তা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক এবং তার জন্য আরোপ করা হয়”, তাহলে কোনো টোল থাকবে না।

   

About

Popular Links

x