Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সোমালিয়ায় জঙ্গি হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত

জঙ্গিগোষ্ঠীটি দাবি করেছে, গত ২৬ মে তারা একটি আত্মঘাতী হামলা চালালে ১৩৭ সেনা নিহত হন

আপডেট : ০৪ জুন ২০২৩, ১১:০০ পিএম

সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠীর হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত হয়েছেন। উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি এ তথ্য জানিয়েছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে বুলামারে শুক্রবার ভোরে আল শাবাব যোদ্ধারা ওই সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

মুসেভেনি বলেন, “গত সপ্তাহে সোমালিয়ায় একটি সামরিক ঘাঁটিতে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় উগান্ডার ৫৪ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।” 

তিনি বলেন, “ওই ঘটনার পর ঘাঁটির নিয়ন্ত্রণ হারালেও উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) ইসলামপন্থি গোষ্ঠীটির কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে।”

মুসেভেনি বলেন, “আমাদের সৈন্যরা অসাধারণ সহনশীলতা প্রদর্শন করেছে এবং নিজেদের পুনর্গঠিত করেছে। যার ফলে মঙ্গলবারের মধ্যে সামরিক ঘাঁটিটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।”

তবে জঙ্গিগোষ্ঠীটি দাবি করেছে, গত ২৬ মে তারা একটি আত্মঘাতী হামলা চালালে ১৩৭ সেনা নিহত হন।

সন্ত্রাসী এই গোষ্ঠীটি সোমালিয়ার পশ্চিমা-সমর্থিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য ২০০৬ সাল থেকে লড়াই করে চলেছে।

সোমালিয়া, উগান্ডাসহ আফ্রিকার কয়েকটি দেশে আল শাবাবের সদস্যরা সক্রিয়। আত্মঘাতী হামলা, বোমা বিস্ফোরণ, অপহরণ ও লুটপাটসহ বিভিন্ন অপরাধে জড়িত জঙ্গি গোষ্ঠীটি। এদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছে নিরাপত্তা বাহিনী। তারপরও তৎপরতা থামছে না।

   

About

Popular Links

x