Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আট দশক ধরে বাগানে পড়ে ছিল ৫০০ কেজি ওজনের বোমা

বিশালাকার ওই বোমার খবরে প্লাইমাউথের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫১ পিএম

ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম ডেভনের বন্দর শহর প্লাইমাউথের একটি বাগান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জার্মানির একটি ৫০০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সাগরের ভেতরে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ওই বোমার খোঁজ পাওয়া যায়। এজন্য আশপাশের এলাকা থেকে হাজারো বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। শহরের কেহাম এলাকা থেকে বোমাটি সরিয়ে নিতে ৯৮৪ ফুট দীর্ঘ নিরাপত্তা বলয় তৈরি করে সামরিক বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর গাড়ি বহরে করে সেটি নেওয়া হয় টরপয়েন্ট ফেরি ঘাটে।

এরপর পুলিশ ও সেনাবাহিনীর বিশেষজ্ঞরা সেখান থেকে বোমাটি গাড়িতে তুলে দেড় কিলোমিটার দূরে সাগরে নিয়ে যায়। সেখানেই বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়।

সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রব সোয়ান জানান, বোমাটি পানির ৪৬ ফুট গভীরে ফেলা হয়েছিল।

এদিকে বিশালাকার ওই বোমার খবরে প্লাইমাউথের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ওই ঘটনায় এত বেশি মানুষকে সরিয়ে নিতে হয় যে, এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুক্তরাজ্যের সবথেকে বড় অপসারণ অভিযান বলা হচ্ছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সেটিকে সরিয়ে নিরাপদে বিস্ফোরণের মাধ্যমে গত চারদিনের সেই আতঙ্কের অবসান হয়েছে।

বোমার আতঙ্ক থেকে মুক্ত হওয়ার পর স্বস্তি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

ভিকি ব্রাদারটন নামে এক নারী বলেন, “ওই সময়টা ছিল আমাদের জন্য খুবই উদ্বেগের। গত চার দিন কর্নওয়ালের একটি ক্যারাভানে (গাড়ি) কাটিয়েছি।”

   

About

Popular Links

x