Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মালদ্বীপ থেকে প্রত্যাহার ভারতের সব সেনা

ক্ষমতায় এসে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক গভীর করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু

আপডেট : ১০ মে ২০২৪, ০৮:৪৪ পিএম

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত। এরমধ্য দিয়ে ১০ মে বেধে দেওয়া সময়ের আগেই সব সেনা সরিয়ে নিল দিল্লি।

সবশেষ নির্বাচনে জয়ী হওয়ার আগে মালদ্বীপের চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু ভারতের সঙ্গে সম্পর্ক ত্যাগের কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর থেকেই তিনি ভারতীয় সৈন্যদের প্রত্যাহারের দাবি করছিলেন।

বৃহস্পতিবার ভারতীয় সৈন্যের তৃতীয় এবং শেষ ব্যাচের ২৭ সেনা মালদ্বীপ ছেড়ে যায়।

এর আগে, মঙ্গলবার ভারতীয় ও মালদ্বীপের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে আরও ৫১ জন সৈন্য দেশ ছেড়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় সেনা মোতায়েনের সমাপ্তি উপলক্ষে কোনো প্রকাশ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

ভারতীয় সেনারা মালদ্বীপে তিনটি সামরিক বিমান চালাতেন। এগুলো নয়াদিল্লি মালদ্বীপকে বিশাল সমুদ্রসীমা টহল দেওয়ার জন্য উপহার দিয়েছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার বলেছেন, মালদ্বীপ থেকে ফিরে আসা সেনাদের জায়গায় বেসামরিক ‘‘প্রযুক্তিগত কর্মীদের’’ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।

মালদ্বীপ হলো নিরক্ষরেখাজুড়ে ৮০০ কিলোমিটার ছড়িয়ে ছিটিয়ে থাকা এক হাজার ১৯২টি ছোট প্রবাল দ্বীপের একটি ছোট দেশ।

কৌশলগতভাবে এর পূর্ব-পশ্চিমে আন্তর্জাতিক শিপিং রুটগুলো রয়েছে। ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং মালদ্বীপের পাশাপাশি প্রতিবেশী শ্রীলঙ্কায় দেশটির প্রভাব নিয়ে ভারত সন্দেহ করছে।

মুইজুর সরকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের জন্য বেইজিংয়ের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি করেছে। ভারতীয় সেনারা চলে যেতে শুরু করলে মার্চ মাসে মালদ্বীপ চীনের সঙ্গে একটি সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তিটি ‘‘দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক’’ বাড়ানোর জন্য এবং এ চুক্তির অধীনে চীন তাদের কর্মীদের প্রশিক্ষণ দেবে।

   

About

Popular Links

x